News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

এনসিপি নেতা আক্রান্ত, বিএনপিকে দোষারোপ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১০:২৮ পিএম এনসিপি নেতা আক্রান্ত, বিএনপিকে দোষারোপ

নারায়ণগঞ্জ জেলা এনসিপির সহ সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলামের উপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বক্তাবলী ইউনিয়নের বক্তাবলী বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

তৌহিদুল জেলা এনসিপির দায়িত্ব পাশাপাশি বক্তাবলী ইউনিয়ন এনসিপির সংগঠকের দায়িত্ব পালন করে আসছেন। তিনি দীর্ঘদিন ধরে এই অঞ্চলে ইট ভাটার জন্য প্রভাবশালীদের অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন।

এনসিপির অভিযোগ নদীর পাড়ের মাটি কাটা নিয়ে কথা বলায় বিএনপির নেতাকর্মীরা ওই হামলা করেছে।

জেলা এনসিপির আহবায়ক জুবায়ের সরদার বলেন, বক্তাবলীতে আমাদের একটি ঘরোয়া বৈঠক ছিলো। বিকেলে বক্তাবলী ঘাটে নামার পর এলাকার লোকজন আমাদের বলে আমরা কেন এই এলাকার অবৈধ মাটি কাঁটা নিয়ে প্রতিবাদ করছি না? তাদের কথা শোনার পরপরেই নেতাকর্মীরা মিলে পুলিশ ফাঁড়িতে উপস্থিত হই এবং মাটি কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানাই।

সন্ধ্যায় তৌহিদকে একা পেয়ে ১০/১৫ জন মিলে অতর্কিত হামলা চালায়। দেশীয় অস্ত্র ব্যবহার করে তার মাথা ফাটিয়ে দেয়।

তৌহিদ বলেন, হালিম আজাদের নেতৃত্বে তার ভাই ইয়াসিন আরাফাত, সহযোগী নয়ন, ইমন, জুয়েল, আবুল খায়ের সহ কয়েকজন আমাকে চাপাতি, এসএস পাইপ দিয়ে বেধড়ক মারধর করে। আমার সাথে আমার কয়েকজন ছোটভাই ছিলো, তারা বাধা দিতে আসলে তাদেরও মারধর করেছে।

এনসিপির এমপি আবদুল্লাহ আল আমিন বলেন, বক্তাবলীতে শান্তিপূর্ণ মিটিংয়ে এনসিপির নেতা তাওহীদসহ নেতাকর্মীদের উপর বিএনপি সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার জবাব নেয়া হবে। হামলাকারী বিএনপি নামধারী সন্ত্রাসীদের অবিলম্বে আইনের আওতায় না আনা হলে সমস্ত দায়-দায়িত্ব প্রশাসন ও সরকারি দলকে নিতে হবে।

বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ বলেন, আমাদের কয়েকজনের সঙ্গে এনসিপি নেতাদের তর্কের জেরে হাতাহাতির ঘটনার খবর পেয়েছি। আমি সেখানে ছিলাম না। আমাদের দলেরও কেউ ছিল না। ব্যক্তিগত কোন সমস্যা কারো সঙ্গে কারো থাকতে পারে। এটাকে এখন রাজনৈতিক রঙ দেওয়া হচ্ছে।

বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির বলেন,‘আমি শুনতে পেরেছি এনসিপির এক নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেলাম আমাদের হালিম আজাদ নাকি এই হামলার নেতৃত্ব দিয়েছে। এই বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানতে পারিনি। আমি খোঁজ নিচ্ছি।

এই বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) শামীম হোসাইন বলেন, আমরা হামলার খবর পেয়েছি। কে বা কারা এই হামলা চালিয়েছে সেই বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।