News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে পরিবহন মাফিয়াতন্ত্র ও বাস ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে ক্ষোভ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ০৮:১৩ পিএম নারায়ণগঞ্জে পরিবহন মাফিয়াতন্ত্র ও বাস ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে ক্ষোভ

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে উৎসব ও বন্ধন পরিবহনের ভাড়া বৃদ্ধি এবং পরিবহন খাতের কথিত সিন্ডিকেটের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

অবিলম্বে বর্ধিত ভাড়া প্রত্যাহার এবং পরিবহন খাতের অরাজকতা বন্ধের জোর দাবি জানিয়েছে সংগঠনটি।

সম্প্রতি জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরপরই সরকারি প্রজ্ঞাপন জারির আগেই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চড়া বাস ভাড়া আদায়ের অভিযোগ ওঠে পরিবহন মালিকদের বিরুদ্ধে।

ছাত্র ফেডারেশনের নেতাদের দাবি, দীর্ঘদিন ধরে উৎসব ও বন্ধন পরিবহন সাধারণ যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় এবং 'মাফিয়াতন্ত্র' চালিয়ে আসছে।

সংগঠনটির নারায়ণগঞ্জ জেলার সদস্য ও অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী রাইসা ইসলাম বিবৃতিতে বলেন, দীর্ঘদিন ধরে পরিবহন সিন্ডিকেটের বেড়াজালে আবদ্ধ নারায়ণগঞ্জ। উৎসব-বন্ধন পরিবহন বছরের পর বছর জনগণকে জিম্মি করে তাদের পকেট কেটে অরাজকতা চালিয়ে আসছে। সাধারণ মানুষের ওপর এই অতিরিক্ত চাপের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্র ফেডারেশন মাঠে ছিল এবং থাকবে।

বিবৃতিতে ছাত্রদলসহ স্থানীয় কয়েকটি গোষ্ঠীর ভূমিকারও কড়া সমালোচনা করা হয়। রাইসা ইসলাম অভিযোগ করে বলেন, জনগণের ন্যায্য দাবির আন্দোলনকে পণ্ড করতে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি পক্ষ বাস মালিকদের দালালি ও স্বার্থ হাসিলে লিপ্ত হয়েছে। নারায়ণগঞ্জবাসী তাদের চিহ্নিত করেছে। সাধারণ মানুষকে সাথে নিয়ে সব ধরনের পরিবহন সিন্ডিকেটের প্রতিরোধ গড়ে তোলা হবে।

বিবৃতিতে অবিলম্বে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সাধারণ যাত্রীদের নাগালের মধ্যে বাস ভাড়া পুনর্নির্ধারণ করা এবং বাস রুটে যাত্রী হয়রানি বন্ধের আহ্বান জানানো হয়।