News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

পাওনা আদায় গিয়ে নিখোঁজ নারায়ণগঞ্জের যুবকের সন্ধান মিলেছে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০৮:৫৭ পিএম পাওনা আদায় গিয়ে নিখোঁজ নারায়ণগঞ্জের যুবকের সন্ধান মিলেছে

পাওনা টাকা আদায়ে নারায়ণগঞ্জ থেকে নরসিংদী গিয়ে নিখোঁজ হওয়া মো. নুরুজ্জামান (৩৯) এর সন্ধান মিলেছে।

রোববার দুপুরে নরসিংদী ডিবি পুলিশ নরসিংদী শহর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। তবে তার সঙ্গে থাকা টাকা পাওয়া যায়নি। পরে তাকে হাসপাতালে নিলে তার জ্ঞান ফিরলেও তাৎক্ষণিক বিস্তারিত কিছু জানাতে পারেনি।

২৪ সেপ্টেম্বর  নারায়ণগঞ্জ থেকে নিজ পাওনা সাড়ে ৩ লাখ টাকা আদায়ে নরসিংদীর ব্রাহ্মন্দীতে যান তিনি। এরপর থেকেই নিখোঁজ ছিলেন মো. নুরুজ্জামান (৩৯)। 

তিনি নারায়ণগঞ্জের বন্দরের ২৫ নং ওয়ার্ডের চৌরাপাড়া সোমবাড়িয়া বাজার এলাকার মো. শহীদ মিয়া (৭০) এর ছেলে। নিখোঁজ নুরুজ্জামান জেনারেটরের ব্যাবসা করতো। সেই ব্যাবসার পাওনা টাকা নিতে গিয়েই নিখোঁজ হন তিনি। এসময় তার পড়নে ছিলো সাদা পাঞ্জাবি। 

শহীদ মিয়া জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩ মিনিটের দিকে তিন লাখ ৫০ হাজার টাকা ফেরত পেয়েছেন বলে মো. নুরুজ্জামান তার বন্ধু বাপ্পিকে মুঠোফোনে জানান। এরপর থেকেই তার মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। 

সন্তানের খোঁজ না পেয়ে এরই মধ্যে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (নং ১৫২৪) করেছিলেন ভুক্তভোগী পরিবার। তাদের অভিযোগ, নরসিংদী থেকে নিখোঁজ হলেও, সেখানকার সদর থানা কোনো অভিযোগ নেয়নি। তাই বাধ্য হয়েই নারায়ণগঞ্জের বন্দর থানায় নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি করেছে পরিবারটি৷