News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

পরিবহনে আড়াই দিনে লোপাট কোটি টাকা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১০:২৯ পিএম পরিবহনে আড়াই দিনে লোপাট কোটি টাকা

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সাথে প্রজ্ঞাপনের আগেই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া ৫৫ টাকা থেকে ৫ টাকা বাড়িয়ে ৬০ টাকা করে আদায় করা হয়। আর এ নিয়ে ঘোর আপত্তি জানান যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম, গণসংহতি আন্দোলন এবং ছাত্র ফেডারেশন। সেই সাথে ছাত্র ফেডারেশনের সরাসরি বন্ধন ও উৎসব পরিবহনের কাউন্টারে ৬০ টাকা ভাড়া আদায়ে বাধা দেন। সেই সাথে শর্ত বাস চলাচল করতে হলে ৫৫ টাকায় যাত্রী যাতায়াত করতে হবে।

পরবর্তীতে ছাত্র ফেডারেশনের নেতাকর্মীদের দাবীর মুখে বাস মালিকেরা ৫৫ টাকায় যাত্রী যাতায়াত করতে বাধ্য হয়। একই সাথে বাস মালিকদের বলা হয় রোববার পর্যন্ত এই ৫৫ টাকায় যাত্রী যাতায়াত করতে হবে। বোববার জেলা প্রশাসকের কার্যালয়ে মিটিংয়ে সিদ্ধান্ত হবে বাস মালিকরা ৫৫ টাকার বেশি ভাড়া আদায় করতে আদায় করতে পারবেন কি পারবেন না।

এক্ষেত্রে বাস মালকরা যদি রোববার পর্যন্ত ৫৫ টাকায় যাত্রী যাতায়াত করতে পারেন তাহলে তেলের মূল্য বৃদ্ধির পরপরই কেন আলোচনা না করে কিংবা প্রজ্ঞাপনের আগেই কেন ৬০ টাকা করে আদায় করা হলো? তাহলে প্রায় আড়াইদিন কার অনুমতিতে যাত্রীদের কাছ থেকে ৫ টাকা করে লোপাট করা হলো। একই সাথে এই লোপাট করা টাকার হিসেব কে দিবে? এটাই সর্বমহলে প্রশ্ন হিসেবে আবির্ভাব হয়েছে।

যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর সকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বন্ধন ও উৎসব পরিবহনের ভাড়া বৃদ্ধি করে ৫৫ টাকা থেকে ৬০ টাকা করে আদায় করা হয়। অথচ তখনও বর্ধিত ভাড়া নিয়ে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি। প্রজ্ঞাপনের আগেই তারা বাড়তি ভাড়া নিতে শুরু করেন।

এরপর ২৩ সেপ্টেম্বর বাড়তি ভাড়া আদায় নিয়ে জেলা প্রশাসকের সাথে কথা বলেন গণসংহতি আন্দোলন ও ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা। তবে সেদিনও ৬০ টাকা করেই ভাড়া আদায় করছিলেন বাস মালিকরা। দুপুরের দিকে ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা সরাসরি কাউন্টারে গিয়ে বাড়তি ভাড়া আদায়ে বাধা কিছুক্ষণ সময় বাস চলাচল বন্ধ থাকে। পরবর্তীতে আবার ৬০ টাকা করেই ভাড়া নিয়েই যাত্রী আনা নেয়া করে বন্ধন ও উৎসব পরিবহন।

পরবর্তীতে ২৪ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কাছে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকার নির্ধারিত হার অনুযায়ী নন-এসি বাসের ভাড়া ৫৫ টাকা এবং শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ৩০ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। এদিন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বির নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে স্মারকলিপি দিয়ে এই দাবী জানিয়েছেন।

সে সময় সিপিবির সাবেক সভাপতি হাফিজুল ইসলাম বলেছিলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা বর্ধিত ভাড়া নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

স্মারকলিপিতে বলা হয়, গত ২৩ সেপ্টেম্বর বিআরটিএর জারি করা প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলার অভ্যন্তরে চলাচলকারী বাস ও মিনিবাসে যাত্রীপ্রতি কিলোমিটারের ভাড়া ১৭ পয়সা বাড়ানো হয়েছে। এর আগে গত ২৩ এপ্রিল নির্ধারিত ভাড়া ছিল কিলোমিটারপ্রতি ২ টাকা ৪৩ পয়সা। নতুন সিদ্ধান্তে তা বেড়ে ২ টাকা ৬০ পয়সা হয়েছে।

সে হিসেবে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের দূরত্ব ১৯ কিলোমিটার ধরে নতুন হারে ভাড়া দাঁড়ায় ৪৯ টাকা ৪০ পয়সা। এর সঙ্গে ফ্লাইওভার টোল বাবদ ৫ টাকা যোগ করলে মোট ভাড়া হয় ৫৪ টাকা ৪০ পয়সা। কিন্তু বিআরটিএর নতুন প্রজ্ঞাপন জারির আগেই উৎসব ও বন্ধন পরিবহন যাত্রীপ্রতি ৬০ টাকা ভাড়া নেওয়া শুরু করেছে। এ অবস্থায় দ্রুত ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন-এসি বাসের ভাড়া ৫৫ টাকা এবং শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ৩০ টাকা নির্ধারণসহ অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

সেই সাথে এদিন বিকেলে ছাত্র ফেডারেশনের নেতাকর্মীদের বাধার মুখে ৬০ টাকা করে ভাড়া আদায় করতে না পেলে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন মালিকরা।

নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মো. শাহীন মৃধা বলেন, আমরা বাস মালিকদের বলেছি সরকারের নির্ধারিত ভাড়া অনুযায়ী যাত্রীদের কাছ থেকে ৫৫ টাকা ভাড়া নিতে হবে। এর বেশি কোনো ভাড়া নেয়া যাবে না। একই সাথে ছাত্রদের কাছ থেকে ৩০ টাকা ভাড়া নিতে হবে। আমাদের এসকল কথা শুনে তারা বাস চলাচল বন্ধ করে দিয়েছেন।

পরবর্তীতে শুক্রবার সকাল থেকে ৫৫ টাকা ভাড়া নিয়েই যাত্রী পরিবহন শুরু করে বন্ধন ও উৎসনব পরিবহনের বাস। সেই সাথে রোববার পর্যন্ত ৫৫ টাকা ভাড়া নিয়েই যাতায়াত করতে হবে।