News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জ প্রবীন দিবসের আলোচনা সভা ও 


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১, ২০২৬, ০৯:৩০ পিএম নারায়ণগঞ্জ প্রবীন দিবসের আলোচনা সভা ও 

‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে র‌্যালি শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়।

সভায় বক্তারা বলেন, প্রবীণেরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য অভিজ্ঞতা ও জ্ঞানের ভান্ডার। তাঁদের প্রতি সম্মান ও যত্নশীল হতে হবে। বৃদ্ধ বয়সে কোনো বাবা-মাকে যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয়, সে জন্য পরিবারকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তাঁরা।

বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক তালুকদার বলেন, প্রবীণদের জ্যেষ্ঠ নাগরিক হিসেবে সরকারি হাসপাতাল ও গণপরিবহনসহ সেবা সংস্থাগুলোতে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। নবীনদের শক্তি ও প্রবীণদের অভিজ্ঞতার সমন্বয়ে রাষ্ট্র ও সমাজকে এগিয়ে যাবে। 

ড্যাব নারায়ণগঞ্জ জেলার সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, প্রবীণদের স্বাস্থ্যসেবার জন্য হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা কর্নার ও সেবার ব্যবস্থা করা উচিত, যাতে তাঁদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে না হয়। পরিবারের সদস্যদেরও নিয়মিত বাবা-মায়ের খোঁজ ও সময় দিলে তাদের ৮০ শতাংশ রোগ ভালো হয়ে যাবে। 

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, প্রবীণদের পরিবার, সামাজিক ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে হবে। বয়সজনিত শারীরিক সীমাবদ্ধতা বিবেচনায় সরকারি সেবা ও গণপরিবহনে তাঁদের অগ্রাধিকার নিশ্চিত করা প্রয়োজন। সরকারি দপ্তরে প্রবীণদের জন্য ফাস্ট-ট্র্যাক সেবা চালুর বিষয়ে কাজ করা প্রয়োজন। পাশাপাশি প্রবীণবান্ধব ফুটপাত, ফুটওভার ব্রিজসহ অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক  মাসুদুল হাসান তাপসের সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক নাঈমা ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক শহীদুল ইসলাম, ড্যাব নারায়ণগঞ্জ জেলার সভাপতি জাহাঙ্গীর আলমসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।