ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকার নির্ধারিত হার অনুযায়ী নন-এসি বাসের ভাড়া ৫৫ টাকা এবং শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ৩০ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বির নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে স্মারকলিপি দিয়ে এই দাবী জানিয়েছেন।
স্মারকলিপি শেষে রফিউর রাব্বি বলেন, তেলের দাম বাড়ার সাথে সাথে বাস ভাড়া বৃদ্ধি করে বিআরটিএ যে প্রজ্ঞাপন জারি করেছে এই পরিপ্রেক্ষিতে সরকার নির্ধারিত যে ভাড়াটা হয় সেটাই যেন কার্যকর করা হয় নারায়ণগঞ্জের জন্য আমরা এই দাবী জানিয়েছি। প্রজ্ঞাপন জারির আগেই নারায়ণগঞ্জের বন্ধন ও উৎসব পরিবহনের এরা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৬০ টাকা করে ভাড়া আদায় করেছে।
তিনি আরও বলেন, আমরা জেলা প্রশাসক সাহেবকে বলেছি ভাড়া কোনোভাবেই ৫৫ টাকার উপরে যেন না যায়। সেই সাথে ছাত্রদের ভাড়া কোনোভাবেই যেন ৩০ টাকার উর্ধ্বে যেন না উঠে। জেলা প্রশাসক আমাদের আশ^স্ত করেছেন; তিনি এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।
সিপিবির সাবেক সভাপতি হাফিজুল ইসলাম বলেন, তেলের মূল্য বৃদ্ধির সাথে সাথে নারায়ণগঞ্জের পরিবহন মালিকরা সম্পূর্ণ অযোক্তিকভাবে ৫ টাকা ভাড়া বৃদ্ধি করে ৬০ টাকা করে আদায় করছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। সরকার নির্ধারিত ভাড়া হিসেব করা হলে ৫৫ টাকার উপরে যায় না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা বর্ধিত ভাড়া নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সেই সাথে যাত্রী সাধারণের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার বাইরে বেশি ভাড়া যেন না নিতে পারে সেই দাবী জানিয়েছি। সেই সাথে ছাত্রদের কাছ থেকে ৩০ টাকার বেশি ভাড়া যেন না নেয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, গত ২৩ সেপ্টেম্বর বিআরটিএর জারি করা প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলার অভ্যন্তরে চলাচলকারী বাস ও মিনিবাসে যাত্রীপ্রতি কিলোমিটারের ভাড়া ১৭ পয়সা বাড়ানো হয়েছে। এর আগে গত ২৩ এপ্রিল নির্ধারিত ভাড়া ছিল কিলোমিটারপ্রতি ২ টাকা ৪৩ পয়সা। নতুন সিদ্ধান্তে তা বেড়ে ২ টাকা ৬০ পয়সা হয়েছে।
সে হিসেবে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের দূরত্ব ১৯ কিলোমিটার ধরে নতুন হারে ভাড়া দাঁড়ায় ৪৯ টাকা ৪০ পয়সা। এর সঙ্গে ফ্লাইওভার টোল বাবদ ৫ টাকা যোগ করলে মোট ভাড়া হয় ৫৪ টাকা ৪০ পয়সা। কিন্তু বিআরটিএর নতুন প্রজ্ঞাপন জারির আগেই উৎসব ও বন্ধন পরিবহন যাত্রীপ্রতি ৬০ টাকা ভাড়া নেওয়া শুরু করেছে। এ অবস্থায় দ্রুত ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন-এসি বাসের ভাড়া ৫৫ টাকা এবং শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ৩০ টাকা নির্ধারণসহ অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বির নেতৃত্বে স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ভবানী শংকর রায়, সহ সভাপতি ধীমান সাহা জুয়েল, বাসদের সদস্য সচিব আবু নাইম খান বিপ্লব, সমমনার উপদেষ্টা দুলাল সাহা ও বাসদের জেলা সদস্য মাহমুদ হোসেন প্রমুখ।


































আপনার মতামত লিখুন :