News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁয়ে যাত্রীবেশে বাসে দুর্বৃত্তদের আগুন, পুড়ে ছাই


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ১২:০৬ পিএম সোনারগাঁয়ে যাত্রীবেশে বাসে দুর্বৃত্তদের আগুন, পুড়ে ছাই

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবেশে একটি লোকাল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেলেও যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

​বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাঁচপুর সেতু এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

​পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, 'মামা ভাগিনা পরিবহনের' (পাহাড়িকা) একটি লোকাল বাস রাজধানীর সায়েদাবাদ থেকে গৌরীপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে কাঁচপুর সেতু এলাকায় বাসটি থামিয়ে যাত্রী তোলার সময় যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা বাসের পেছনের অংশে আগুন ধরিয়ে দ্রুত সটকে পড়ে। মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। তবে যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

​খবর পেয়ে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

​দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে রেকারের সাহায্যে পুড়ে যাওয়া বাসটি সরিয়ে নেওয়া হয়।

এ কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। তবে আগুনের ঘটনায় কোনো যাত্রীর ক্ষতি হয়নি। আমরা ঘটনাস্থলে রয়েছি এবং পুড়ে যাওয়া বাসটি রেকারের মধ্যমে সরানো হচ্ছে।