News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

কথা রাখেনি জামায়াতে ইসলামী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ০৯:৫৪ পিএম কথা রাখেনি জামায়াতে ইসলামী

ইসলামি চিন্তাবিদ ও জামায়াতে ইসলামীর সংসদ সদস্য হযরত মাওলানা মুফতি আমির হামজা এসেছিলেন বন্দরে একটি ওয়াজ মাহফিলে। এ মাহফিলের বিরুদ্ধে অবস্থান নেন আলেম ওলামাদের একটি অংশ। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমঝোতা বৈঠক শেষে জানানো হয় আমির হামজা অতীত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করবে। কিন্তু বাস্তবে দেখা গেছে উল্টো। বন্দরে ওয়াজ মাহফিলে কোরআন শরীফের আলোকে বয়ানের চেয়ে আমির হামজা রাজনৈতিক বক্তব্য বেশী রেখেছেন। সেই সঙ্গে পুরাতন সেই কথা ফের তুলে সমালোচনা করেছেন।

সোমবার রাতে ওই ওয়াজের আগে দুপুরে জেলা প্রশাসনের বৈঠক শেষে নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা বলেন, ‘আমরা সকলে ১৭ বছর নির্যাতিত হয়েছি। আমরা সকলে এক জায়গায় এসেছি যে সুন্দর করে মাহফিল হবে। এ মাহফিলে আমির হামজা সাহেবের বক্তব্যে আলেম ওলামাদের নিয়ে যে মন্তব্য আছে সেটা খোলাসা করে সকলের মনের কষ্ট দূর করে দিবেন। আমরা আশা করি আমির হামজা সাহেবের বক্তব্যে সকল আলেম ওলামারা খুশী হবেন। এটা ইসলামের বিজয় হয়েছে। এটা ইসলামের সৌন্দর্য।’

তার এই আগমনকে কেন্দ্র করে বিভিন্ন মহলে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হলে মাহফিলকে কেন্দ্র করে বেশ চ্যালেঞ্জে ছিল নারায়ণগঞ্জ জামায়াতে ইসলামী। বিভিন্ন মহলের নেতিবাচক প্রতিক্রিয়া উপেক্ষা করেই জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা যে কোনো উপায়েই হোক এই তাফসির মাহফিল সফল করবেন বলে জানিয়েছেন। সেই সাথে তারা প্রস্তুতিও গ্রহণ করেন।

তবে রাতে ওয়াজে আমির হামজা বলেন, আমি জাতীয় মসজিদের খতিবকে নিয়ে কটুক্তি করে থাকলে দুঃখিত। কিন্তু উনি যে ফতোয়া দিয়েছে তা আমাদের লক্ষ লক্ষ মানুষের কলিজায় রক্তক্ষরণ হয়েছে। আপনি দালালি করলে ওই জায়গা ছেড়ে দিয়ে করেন। খতিব উবায়দুল হককে নিয়ে কেউ কথা বলে না।

আমির হামজা বলেন, খতিব সাহেব ফতোয়া দিয়েছেন; বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যারা যায় তারা গুমরাহ। তাহলে আল্লামা দেলোয়ার হোসে সাঈদী কি গুমরাহ ছিলো? আপনার তওবাহ করা উচিত। জামায়াতে ইসলামী পদ্ধতিতে ভুল থাকতে পারে। যারা মন থেকে জামায়াতে ইসলামী করে তাদের ইখলাসে কোনো ভুল নাই। তাহলে ফাঁসির দড়ি গলায় নিত না।

হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে উদ্দেশ্য করে আমির হামজা বলেন, অনেক মুরুব্বি ইদানীং খারাপ কথা বলে। এত নিকৃষ্ট শব্দ উনার মুখ দিয়ে আসে; উনাকে মাইকের সামনে নিয়ে আসেন কেন? এরকম মুরুব্বি যার কথা ঠিক নেই মাথা ঠিক নেই তাকে বাড়িতে বসিয়ে চিকিৎসা করেন। আল্লামা মামুনুল হককে চিনি। আমি ছোট মানুষ; আপনি মামুনুল হককে গালি দিয়েছেন। আমাকে বলেছেন; আমি যদি এটা না হই; তাহলে আপনি এটা।