News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা ভারতে বসে অর্থায়নে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে : সজল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ০৮:৪৬ পিএম হাসিনা ভারতে বসে অর্থায়নে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে : সজল

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল বলেন, আপনারা জানেন, স্বৈরাচারী শেখ হাসিনার সরকার কীভাবে দেশ থেকে পালিয়েছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ তাদের বিতাড়িত করেছে। তারা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছে। আপনারা এটাও জানেন, ভারতে বসে বাংলাদেশে শান্তিপ্রিয় এই রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য তারা অর্থায়ন করছে। অর্থায়নের মাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

‎‎পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।‎

‎বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহরের খানপুর হাসপাতাল রোডের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া চত্বরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।‎

‎‎তিনি বলেন, এ দেশের জনগণ যেভাবে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে, ঠিক একইভাবে শেখ হাসিনা ও আওয়ামী লীগের ফ্যাসিবাদী দোসরদের সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড জাতীয়তাবাদী যুবদল ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিহত করবে, ইনশাআল্লাহ।‎

‎যুবদল নেতাকর্মীদের উদ্দেশে সজল বলেন, “আপনারা ১৭ বছর রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন। আপনারা আন্দোলনকে ভয় পান না। আপনারাই আন্দোলন-সংগ্রামের মাধ্যমে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছেন। মহানগর যুবদলের আহবায়ক হিসেবে আপনাদের প্রতি আমার নির্দেশ—প্রত্যেকটি ওয়ার্ডের যুবদল নেতাকর্মীরা সজাগ থাকবেন। যেখানেই নাশকতাকারীরা নাশকতার চেষ্টা করবে, সেখানেই তাদের ধরে পুলিশের হাতে তুলে দেবেন।

‎‎তিনি আরও বলেন, সন্ত্রাসীদের এ দেশে কোনো ঠাঁই নেই, নারায়ণগঞ্জেও কোনো ঠাঁই নেই। আমরা রাজপথে আছি, রাজপথে থাকব। আওয়ামী লীগের যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড রাজপথে মোকাবিলা করব, ইনশাআল্লাহ।

‎‎তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে নির্দেশনা, সেই নির্দেশনা আপনারা অক্ষরে অক্ষরে পালন করবেন। জাতীয়তাবাদী যুবদল কখনো পরাজিত হয়নি। ২০২৪ সালের আন্দোলনে যেভাবে আমরা বিজয় অর্জন করেছি, আগামীতেও ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলব, ইনশাআল্লাহ।

‎‎এর আগে ও পরে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশে মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।