এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনের নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ১১ দলীয় ঐক্য সমর্থিত ও খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী এবিএম সিরাজুল মামুন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের নেতারাও উপস্থিত ছিলেন।
এবিএম সিরাজুল মামুন বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনে দিনভর পরিবেশ ভালো দেখা গেলেও কিছু এলাকায় দেওয়াল ঘড়ির এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধাপ্রদান, ফলাফল গণনার সময় অনেক কেন্দ্রে এজেন্টদের ভোটগণনা কক্ষের বাহিরে রাখা, সিসিটিভি ফুটেজের আওতার বাহিরে ভোটগণনা করা, বাতিল ভোটকে ধানের শীষের ভোট হিসেবে গণনা করা রেজাল্ট না লিখেই পোলিং এজেন্টদের থেকে রেজাল্টশিটে স্বাক্ষর সংগ্রহ করা সহ আমরা প্রচুর অনিয়ম লক্ষ্য করেছি।
তিনি আরও বলেন, বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে নারায়ণগঞ্জ-৫ আসনে দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থীকে বিজয়ী হিসেবে দেখা গেলেও, চূড়ান্ত ফলাফল ঘোষণার সময় রহস্যজনকভাবে তা পাল্টে দেওয়া হয়েছে। আমাদের কাছে তথ্য রয়েছে যে, বিজয় নিশ্চিত জেনেও পরিকল্পিতভাবে ফলাফল টেম্পারিং করে বিএনপির প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। জনমতের এই প্রতিফলনকে ধামাচাপা দেওয়ার চেষ্টা নির্বাচন ব্যবস্থার জন্য শুভ নয়।
আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে এবিএম সিরাজুল মামুন বলেন, আমরা এই রহস্যজনক ফলাফলের বিষয়ে জেলা নির্বাচন অফিস এবং প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি সংশ্লিষ্ট নির্বাচনী কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি যে, প্রতিটি কেন্দ্রের সঠিক হিসাব এবং পুনরায় স্বচ্ছতার সাথে ভোট গণনার মাধ্যমে জনগণের প্রকৃত রায় ফিরিয়ে দেওয়া হোক। আমরা শান্তিপূর্ণভাবে এই অন্যায়ের প্রতিবাদ জানাচ্ছি এবং আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছি।































আপনার মতামত লিখুন :