সরকারের ঘোষিত কর্মসূচী বাস্তবায়নে নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। ১২ এপ্রিল রবিবার শহরের নারায়ণগঞ্জ কলেজ প্রাঙ্গনে কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালামের কন্যা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন।
বিএনপি নেতা গাজী দুলালের উদ্যোগে এ কর্মসূচীতে উপস্থিত থেকে অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জ কলেজ প্রাঙ্গনে নিজ হাতে বেশকিছু বৃক্ষরোপণ করেন এবং কর্মসূচীর তদারকি করেন।
অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ, কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং সকলের উদ্দেশ্যে অ্যাডভোকেট বাঁধন বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নকে অভূতপূর্ব গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার আগামীর জন্য বাসযোগ্য সবুজ বাংলাদেশ গড়তে ২৫ কোটি গাছের চারা রোপণ এবং ১০ হাজার নার্সারি উদ্যোক্তা সৃষ্টির অসাধারণ কর্মসূচী হাতে নিয়েছে।
তিনি বলেন, অন্য এ উদ্যোগের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি মোট ৬ লাখ কর্মসংস্থানের ব্যবস্থাও হবে।
অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন বলেন, সরকারের পাশাপাশি জনাব গাজী দুলালের মতো উৎসাহী আরও লোকজন ব্যক্তি উদ্যোগে বৃক্ষরোপণে এগিয়ে এলে প্রধানমন্ত্রীর স্বপ্নের এই কার্যক্রম বাস্তবায়নে নারায়ণগঞ্জ জেলা গোটা বাংলাদেশকে চমক দেখাতে সক্ষম হবে।
বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্যোক্তা গাজী দুলাল জানান, বিএনপি সরকারের পরিকল্পনা বাস্তবায়নে শামিল হতে নিজ উদ্যোগে আগামী পাঁচ বছরে ৫ লাখ বৃক্ষরোপণের কর্মসূচী হাতে নিয়েছেন তিনি।
গত ১৩ মার্চ বন্দরের কদম রসুল কলেজ প্রাঙ্গনে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম সশরীরে উপস্থিত থেকে কর্মসূচীর উদ্বোধন করেন এবং এই লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
নারায়ণগঞ্জ কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত এই কর্মসূচীতে তার কন্যা প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ায় তাকে আন্তরিক ধন্যবাদ জানান এই বিএনপি নেতা।
গাজী দুলাল বলেন, বাঁধনের আজকের অংশগ্রহণ কলেজের শিক্ষক-শিক্ষার্থী সহ উপস্থিত সবাইকে বৃক্ষরোপণ এবং রোপণ পরবর্তী প্রয়োজনীয় পরিচর্যার কাজে উৎসাহিত করবে। নারায়ণগঞ্জ সদর ও বন্দরে বৃক্ষরোপণের জন্য উপযুক্ত স্থানগুলোতে পর্যায়ক্রমে এই কর্মসূচী এগিয়ে নেওয়া হবে। পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের এই কার্যক্রমে সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম ও তার পরিবারের সদস্যদের আন্তরিকতা সত্যিই উৎসাহব্যঞ্জক।



































আপনার মতামত লিখুন :