News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

সাফ জয়ী সানি দাসকে নিয়ে হরিজন সম্প্রদায়ের উল্লাস


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ১০:০০ পিএম সাফ জয়ী সানি দাসকে নিয়ে হরিজন সম্প্রদায়ের উল্লাস

সাফ জয়ী নারায়ণগঞ্জের সানি দাসকে নিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন হরিজন সম্প্রদায়ের লোকজন। ১১ এপ্রিল তারা সানি দাসকে নিয়ে ঢাকঢোল পিটিয়ে নেচে গেয়ে শহরে আনন্দ মিছিল করেছেন। একই সাথে সানি দাসকে শহরের জিমখানা মাঠে সংবর্ধনা দেন বিভিন্ন ক্লবের খেলোয়াড় ও এলাকাবাসীরা।

জানা যায়, হরিজন সম্প্রদায় থেকে প্রথম ফুটবলার হিসেবে জায়গা করে নিয়েছেন নারায়ণগঞ্জের পাইকপাড়া ঋষিপাড়া এলাকার বাসিন্দা সানি দাস। যে হরিজন সম্প্রদায়ের মানুষদের বেড়ে উঠা সাধারণত অন্যদের মতো নয়। আর সেই সম্প্রদায় থেকে উঠে এসে সানি দাস সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ চ্যাম্পিয়ন বাংলাদেশের একজন অংশীদার হয়েছেন।

সানি দাসের এই অর্জনে তার সম্প্রদায়ের লোকজন গর্বিত। সেই সাথে সানি দাসের জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কবে সে কবে নারায়ণগঞ্জে আসবে। এরপর সানি দাস আসার সাথে সাথেই তাকে নিয়ে আনন্দ মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সানি দাসের কোচ আজমল হোসেন বিদ্যুত বলেন, হরিজন সম্প্রদায় থেকে ফুটবলে আসা অনেক কঠিন। সানি দাস একজন ব্যতিক্রম খেলোয়াড়। হিন্দু ধর্মালম্বী অনেকেই বাংলাদেশের জাতীয় দলে খেলেছে। কিন্তু হরিজন সম্প্রদায় থেকে সানিদাসই প্রথম। আমরা তাকে কেন্দ্র করে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছি। আশা করি সানি তার ধারাবাহিকতা ধরে রেখে জাতীয় দলে খেলবে।

সানি দাস বলেন, আমাকে সকলেই সমর্থন করেছে। আমি চাই আমার সম্প্রদায়ের লোকজন আরও এগিয়ে যাবে। আমার পাশে সকলেই ছিলেন বলেই আমি খেলতে পারছি। সকলের প্রতিই আমি কৃতজ্ঞ।