News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

নারায়ণগঞ্জে পানি, ড্রেনেজ ও সবুজায়নে বড় প্রকল্প


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৯:৪০ পিএম নারায়ণগঞ্জে পানি, ড্রেনেজ ও সবুজায়নে বড় প্রকল্প

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় পরিবেশবান্ধব ও সহনশীল নগর সেবা উন্নয়নে ১১ কোটি ৫৮ লাখ ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এর মাধ্যমে সুপেয় পানীয় জল সরবরাহ, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং নগরে সবুজ উন্মুক্ত স্থান বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

‘নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রকল্প’ নামে এ প্রকল্পের আওতায় অন্তত ৪ লাখ মানুষ সরাসরি উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি রাজধানী ঢাকার ওপর চাপ কমাতে সরকারের প্রচেষ্টায় সহায়তা করবে প্রকল্পটি। দেশের অন্যতম দ্রুত বর্ধনশীল নগরকেন্দ্র হিসেবে নারায়ণগঞ্জে সেবা প্রদান ও সুশাসন জোরদারেও এটি ভূমিকা রাখবে।

বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইয়ান জোং বলেন, নগরায়ণ দ্রুত বাড়ার সঙ্গে সঙ্গে পরিবেশগত ঝুঁকিও বাড়ছে। এ অবস্থায় নগর সেবা শক্তিশালী করা উন্নয়ন ও অর্থনীতির জন্য অপরিহার্য হয়ে উঠেছে। বিশুদ্ধ পানি সরবরাহ, টেকসই ড্রেনেজ ও অন্তর্ভুক্তিমূলক সবুজায়নে বিনিয়োগ উৎপাদনশীলতা বাড়াবে এবং দীর্ঘমেয়াদে মানবসম্পদ উন্নয়নে সহায়ক হবে।

প্রকল্পের আওতায় ২৩০ কিলোমিটার পাইপলাইন প্রতিস্থাপন ও সম্প্রসারণ, মিটারযুক্ত সংযোগ চালু এবং ডিস্ট্রিক্ট মিটারিং এরিয়া পদ্ধতি চালুর মাধ্যমে পানির অপচয় (নন-রেভিনিউ ওয়াটার) ২০ শতাংশের নিচে নামিয়ে আনার লক্ষ্য নেওয়া হয়েছে। পাশাপাশি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে পানি ব্যবস্থাপনা, অনলাইন বিলিং ও রাজস্ব আদায় ব্যবস্থাও জোরদার করা হবে।

এছাড়া নতুন নলকূপ স্থাপন, বিদ্যমান পানি শোধনাগার সংস্কার এবং কূপ উন্নয়নের মাধ্যমে এনসিসির পানি সরবরাহ সক্ষমতা দৈনিক ১১ কোটি ৩০ লাখ লিটার থেকে বাড়িয়ে ১৬ কোটি ২০ লাখ লিটারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

বন্যা ও জলাবদ্ধতা কমাতে এবং ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ বাড়াতে প্রকল্পের আওতায় ২২ কিলোমিটার ড্রেনেজ অবকাঠামো নির্মাণ করা হবে, যেখানে প্রকৃতিভিত্তিক সমাধান ব্যবহার করা হবে। একই সঙ্গে নগরের বসবাসযোগ্যতা বাড়াতে সবুজ পার্ক নির্মাণ এবং একটি খেলার মাঠ পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব অবকাঠামোর দীর্ঘমেয়াদি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।