News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

ঝুট নামানোকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০২:২০ পিএম ঝুট নামানোকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝুট নামানোকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ অন্তত দুইজন আহত হোন।

বৃহস্পতিবার সকাল ১০টায় ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের শাসনগাঁও চাঁদনী হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, গুলিবিদ্ধ রাকিব (২৩) এবং রফিক (৪০)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চাঁদনী হাউজিং এলাকায় অবস্থিত ‘ডয়েজল্যান্ড’ নামের একটি পোশাক কারখানার ঝুট নামানোকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির একটি গ্রুপের সঙ্গে ইউনিয়ন যুবদলের অভি-মনির গ্রুপের সংঘর্ষ বাধে। এসময় অভি-মনির অনুসারীরা হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং গুলিবর্ষণ করে। এতে রাকিব গুলিবিদ্ধ হন এবং ককটেলের আঘাতে রফিক আহত হন।

সংঘর্ষ চলাকালীন অভি গ্রুপের অনুসারীরা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। এসময় এনায়েতনগর ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হোসেন খোকার ছেলে রাকিব গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এনায়েত নগর ইউনিয়ন ২নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হোসেন খোকা জানান, ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক হাজী মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া অভি, মনির, সুমন, জসিমসহ ২০-৩০জন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। তাদের মধ্যে কয়েকজনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলে তিনি দাবি করেন।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঝুটে মালামাল নিয়ে বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনা পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।