News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

ডেভিডের ভাগ্নে স্বেচ্ছাসেবক দল নেতা রানা আমার ছেলেরে মারছে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৮:৪৪ পিএম ডেভিডের ভাগ্নে স্বেচ্ছাসেবক দল নেতা রানা আমার ছেলেরে মারছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে উদ্ধার হওয়া যুবকের মরদেহটি ফতুল্লার ইসদাইরে নিখোঁজ যুবক শুভর দাবী করেছেন পরিবারের সদস্যরা। ৫ এপ্রিল দুপুরে রূপগঞ্জ থানায় গিয়ে ওই মরদেহের ছবি দেখে পরিচয় শনাক্ত করেন পরিবারের লোকজন।

শুভ এর মা মাকসুদা বেগম মুঠোফোনে জানান, পুলিশ আমাদের যে ছবি দেখিয়েছে তাতে আমরা মরদেহটি শুভর বলে নিশ্চিত হয়েছি।

তিনি বলেন, হত্যাকান্ডের সঙ্গে স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রানা জড়িত। সে ডেভিডের ভাগ্নে। সে আমার ছেলেকে হত্যা করেছে। আমি তারে বার বার বলছি আমার ছেলেরে ফিরিয়ে দেও কিন্তু দিল না। পুলিশও আমাদের সঙ্গে ছয় নয় করেছে। পুলিশ হত্যাকারীদের পক্ষ নিয়েছে।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, ৩০ মার্চ সকালে রূপগঞ্জ থানার কাঞ্চন এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের দাগ রয়েছে। বেওয়ারিশ লাশ হিসেবে স্থানীয় একটি কবরস্থানে দাফন করা হয়।

এর আগে শুভকে গুমের অভিযোগে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত ইসলাম রানার বিরুদ্ধে মামলা হয়েছে। এতে ১০ জনকে আসামী করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে।

গত ২৫ মার্চ শুভর নেতৃত্বে তার বাহিনীর সদস্যরা চাষাঢ়া রেললাইনের পাশে অবস্থিত মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত হোসেন রানার গ্যারেজে অতর্কিতভাবে চাপাতিসহ হামলা চালায়। এ সময় জীবন বাচাতে রানা ও কাশেমসহ তার বাহিনীর সদস্যরা পালিয়ে যায়।

ওই ঘটনার পর শুভর পরিবারের অভিযোগ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই ঘটনার পর স্ত্রী পিংকি বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় শাকিল ও রানাগংদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

পরবর্তীতে শুভ’র মা মাকসুদা বেগম বাদী হয়ে ২ এপ্রিল ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।

মামলার আসামিরা হলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত ইসলাম রানা (৫১), কাশেম (ভাঙ্গারি ব্যবসায়ী) (৪৫), সাব্বির (২১), শাকিল (২৮), পাপ্পু (৪০), মো. আলী মিয়া (৩৮), জাহিদ (৩৫), রাজ্জাক (৫০), ওয়াসিম (২৩), লাল শুভ (২০)। মামলায় আরও ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এদের মধ্যে রানা প্রয়াত যুবদল নেতা মমিনউল্লাহ ডেভিডের ভাগ্নে। তিনি ভাগ্নে রানা হিসেবেই পরিচিত।

এ ঘটনায় এখন পর্যন্ত আসামি সাব্বির, রাজ্জাক ও ওয়াসিম নামে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এজাহারে উল্লেখ করা হয়, গত ২৯ মার্চ বিকেলে শুভ সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী এলাকায় শ্বশুর বাড়িতে যান। পরে সন্ধ্যায় শাকিল তাকে ফোন করে পূর্ব ইসদাইর রেললাইন এলাকায় ডেকে নেয়। সেখানে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন আসামি তাকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় শুভ মাটিতে লুটিয়ে পড়লে তাকে একটি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এ সময় তার ব্যবহৃত এপাচি মোটরসাইকেলটিও নিয়ে যাওয়া হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মিলন ফকির জানান, এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে এবং তিনজনকে গ্রেফতার করা হয়েছে।