News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

নারায়ণগঞ্জের দুটি বেসরকারী হাসপাতালকে ৫ লাখ টাকা জরিমানা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৬:১৭ পিএম নারায়ণগঞ্জের দুটি বেসরকারী হাসপাতালকে ৫ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জে নিম্নমানের স্বাস্থ্য সেবার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে ৫ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

৬ এপ্রিল জেলা অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম। স্বাস্থ্যসেবায় অনিয়মের বিরুদ্ধে পরিচালিত আজকের অভিযান সার্বিক সমন্বয় করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।

অভিযানে নবাব সলিমুল্লাহ সড়কে অবস্থিত মেডিস্টার হাসপাতাল ও রেনেসা ল্যাবকে সেবার মূল্য তালিকা যথাযথ সংরক্ষণ না করা, সেবার মান নির্ধারিত রেটের চেয়ে বেশি রাখা, জীবন ও স্বাস্থ্য বিপন্নকারী কার্যক্রম (ওটি এবং পোস্ট ওটি রুমে যথাযথ প্রোটোকল ফলো না করা, প্রোপার স্টেরিলাইজেশন এর অভাব, প্যাথোলজিস্ট/ল্যাব টেকনিশিয়ান ও ডিপ্লোমা নার্সদের যোগ্যতার প্রমাণক প্রদর্শনে ব্যর্থতা, বেড অনুযায়ী স্টাফ/ নার্স এর অপ্রতুলতা ইত্যাদি অনিয়মের জন্য উক্ত প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

অপর অভিযানে বিবি রোডে পলি ডায়াগনস্টিক সেন্টারকে লাইসেন্স না থাকা, সেবার মূল্য তালিকা না সংরক্ষণ এবং যত্রতত্র মূল্য নির্ধারণ, ল্যাব টেকনিশিয়ান/ প্যাথোলজিস্ট ছাড়া রেগুলার কর্মচারি দিয়ে সকল প্যাথলজি টেস্ট ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা ইত্যাদি অনিয়মের জন্য উক্ত প্রতিষ্ঠানকে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরি ( নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয় ।

অভিযানকালে র‍্যাব-১১ ,পুলিশ , সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা: শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন ।