News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

উচ্ছেদ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৫:০৫ পিএম উচ্ছেদ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদকালে ম্যাজিস্ট্রেটের সামনে বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

রবিবার (৫ এপ্রিল) সকাল ১২ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাংরোডে এ ঘটনা।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজার নেতৃত্বে অভিযান পরিচালনাকালে হঠাৎ নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি এবং মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদেরের সহযোগীরা সংঘর্ষে জড়ায়। এরপর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

উচ্ছেদকে কেন্দ্র করে নয়,মাইক্রোস্ট্যান্ড নিয়ন্ত্রণ ইসুতে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদেরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি জানান, মাইক্রোস্ট্যান্ড নয়,প্রশাসনের উচ্ছেদ অভিযানকালে নীলাচল বাস সরানো নিয়ে সংঘর্ষ ঘটে। ছাত্রদলের কাদের নীলাচল বাস কাউন্টার নিয়ন্ত্রণ করে এবং তা নিয়ে কথা কাটাকাটি হয়, এরপর সামান্য মারামারি। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

উপস্থিত সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক এসআই ওয়াসীম আকরাম বলেন, উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে নয়, মাইক্রোস্ট্যান্ড নিয়ন্ত্রণ নিয়ে উভয় পক্ষের পূর্বের দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। আমরা শান্ত করেছি।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, উচ্ছেদ নিয়ে কিছু হয়নি,দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা শুনে আমি ঘটনাস্থল গিয়েছিলাম। এর আগেই আমাদের পুলিশ সদস্যরা পরিস্থিতি শান্ত করেছে। আমরা এটা নিয়ে কাজ করছি।

নিজের সামনে সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা জানান, সংঘর্ষ বলতে আমাদের অভিযান চলাকালে হাতাহাতির ঘটনা ঘটেছে। যতটুকু জেনেছিলাম উচ্ছেদের মালামাল সরানো নিয়ে ঘটেছে। তবে আমি থাকা অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছিল। এটা নিয়ে পুলিশ কাজ করে যাচ্ছে। বিএনপির দু-গ্রুপের সংঘর্ষ ঘটার প্রশ্নে তিনি বলেন, বিএনপির একজন নেতা উপস্থিতি ছিল এবং তিনি থেকেই পরিস্থিতি শান্ত করতে দেখেছি।