News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

এদেশের দামাল ছেলেরা রাস্তায় নামতে বাধ্য হবে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৯:৪৭ পিএম এদেশের দামাল ছেলেরা রাস্তায় নামতে বাধ্য হবে

১১ দলীয় ঐক্য জোট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠা এবং চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেলে ফতুল্লার শিবু মার্কেটে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলটি সাইনবোর্ড থেকে শুরু করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাস্তায় সমাবেশের মাধ্যমে তাদের কর্মসূচির সমাপ্তি করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকারের সভাপতিত্বে ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন এনসিপি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক জুবায়ের সরদার, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা ওবায়দুল কাদের নদভী, জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমান, এনসিপি নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব জুবায়ের তামজিদ, বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী মাওলানা মুহাম্মদ এমদাদুল্লাহ, অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আবু সাঈদ মুন্না, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস, ইঞ্জিনিয়ার আবদুল বাকী ও দেওয়ান খোরশেদ আলম প্রমুখ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতির বক্তব্যে মমিনুল হক সরকার বলেন, জুলাই বিপ্লব বাংলাদেশ সহ সারাবিশ্বে অনন্য নজির হয়ে রয়েছে। যদি জুলাই না হতো তাহলে এই সরকার ক্ষমতায় আসতে পারতো না।  অথচ মাত্র ৫১% ভোট পেয়ে ক্ষমতায় এসে প্রায় ৭০% মানুষের গণরায়কে তারা অস্বীকার করছে।  যদি জুলাই সনদ না মানেন তাহলে তাবার এদেশের মানুষ, আবাল-বৃদ্ধ-বনিতা মেহনতি মানুষকে সাথে নিয়ে রাস্তায় আবার নেমে আসবে। তখন আর মানুষকে থামাতে পারবেন না। সুতরাং মানুষের গণরায়কে মেনে নেন।

জাতীয় নাগরিক পার্টি এনসিপির নারায়ণগঞ্জ জেলার আহবায়ক জুবায়ের সরদার বলেন, আমরা দেখতে পাচ্ছি বর্তমান প্রধানমন্ত্রী জুলাই সনদ নিয়ে টালবাহানা করছেন। আমরা বলে দিতে চাই যদি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে টালবাহানা করেন তাহলে আপনার গদিও টালবাহানা করবে। যদি অতিশীঘ্রই জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাহলে আবার জুলাই নেমে আসবে।

বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা ওবাইদুল কাদের নদভী বলেন, এদেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিবুর রহমান ভারতের হাতে এদেশকে তুলে দিতে চেয়েছিলেন। সেসময় জিয়াউর রহমানের হাতে দেশ রক্ষা হয়েছিল। গত ১৭ বছরে শেখ হাসিনা ও তার বাপের মতো এদেশকে ভারতের হাতে তুলে দিতে চেয়েছিল কিন্তু আমাদের দেশের দামাল ছেলেরা তাদের জীবন দিয়ে, প্রাণ দিয়ে, রক্ত দিয়ে এদেশ কে রক্ষা করেছিল। যে জুলাই সনদ বাস্তবায়ন করতে তারা রক্ত দিয়েছিল সে জুলাই সনদ বাস্তবায়ন করুন না হলে আবার এদেশের দামাল ছেলেরা রাস্তায় নামতে বাধ্য হবে।