নারায়ণগঞ্জের জালকুড়ি-পানগাঁও সড়ক প্রকল্পে ভূমি অধিগ্রহণ বন্ধের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার (২৮ জুন) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জালকুড়ি ৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে মানববন্ধন শেষে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে অংশ নিয়ে মুক্তিযোদ্ধা আনসার আলী বলেন, আমাদের পূর্ব পুরুষের বসতভিটা দফায় দফায় অধিগ্রহণ করা হয়েছে। এভাবে বারবার অধিগ্রহণে আমরা এখন সামান্য বসতভিটায় বসবাস করছি। এটাও যদি অধিগ্রহণ করা হয় তাহলে আমি সর্বহারা হয়ে যাবে। আমার মতো এলাকাবাসীও সর্বহারা হয়ে যাবে। আমরা এই অধিগ্রহণের নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা অনেক অসহায় অবস্থায় আছি। আমরা কোথায় যাবো?
অ্যাডভোকেট শাহজাদা দেওয়ান বলেন, আমাদের যেখানে বসতভিটা রয়েছে এখানে সরকারি বেসরকারি হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন রকমের অবকাঠামো রয়েছে। এখানে অনেক শিল্প প্রতিষ্ঠান রয়েছে যেখানে হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান রয়েছে। আমাদের এখানে কোনো পতিত জায়গা নেই। আমরা উন্নয়নবিরোধী নই। যেখানে খালি জায়গা রয়েছে সেখানে অধিগ্রহণ করা হোক। আমরা এই অধিগ্রহণ চাই না। আমরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, আমরা এলাকাবাসীর এই বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলবো। সেই সাথে এলাকাবাসী যে সকল দাবীগুলো জানিয়েছেন তাদের দাবীগুলো উপস্থাপন করবো। এলাকাবাসী খালি অংশের কথা বলেছে আমরা সেটাও উপস্থাপন করবো।





































আপনার মতামত লিখুন :