News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

ডেভিডের ভাই তপনের চাঁদা দাবী! বন্ধ ছিল বাস চলাচল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৬:৪৫ পিএম ডেভিডের ভাই তপনের চাঁদা দাবী! বন্ধ ছিল বাস চলাচল

প্রয়াত যুবদল নেতা মমিনউল্লাহ ডেভিডের ভাই মাহাবুব উল্লাহ তপনের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদাবাজীর অভিযোগ তুলে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ রেখেছিল মালিক ও শ্রমিকেরা।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে থেকে মিছিল বের করে পরিবহন মালিক ও শ্রমিকরা। পরে ঘন্টাব্যাপী মানববন্ধন করে ধর্মঘট পালন করে।

আন্দোলনরত পরিবহন মালিক ও শ্রমিক নেতারা জানান, ক্রসফায়ারে নিহত মোমিন উল্লাহ ডেভিড এর ছোট ভাই বিএনপি নেতা মাহাবুব উল্লাহ তপন ও তার সহযোগিরা চাঁদার দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের মারধর সহ গাড়ি আটক করে রাখছে। ৫ লাখ টাকা চাঁদার দাবিতে বন্ধন পরিবহনের একটি বাসের মালিক ও শ্রমিককে মারধর করে বাস আটকে রেখেছে। আমরা এ বিষয় থানায় অভিযোগ দিলে পুলিশের একজন এসআইয়ের নেতৃত্বে টিম গেলেও আটকে রাখা বাস উদ্ধার করতে পারেনি। শহরের চাষাড়া, মিশনপাড়া ও খানপুর মেট্রোহল এলাকায় পরিবহন শ্রমিকদের উপর নামধারী চাঁদাবাজরা চাঁদা না দেওয়ায় হামলা করছে। গাড়ি আটকে রাখছে। অবিলম্বে চাঁদাবাজ মাহবুব উল্লাহ তপন ও সহযোগিদের গ্রেফতার দাবি করেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন তারা।

সিটি বন্ধন পরিবহনের এমডি দেলোয়ার হোসেন জানান, মঙ্গলবার এক মালিকের গাড়ি থেকে পাঁচ লাখ টাকা চাঁদার দাবীতে মাহাবুব উল্লাহ তপন মিশনপাড়ায় একটি গাড়ি আটকে রাখে। প্রশাসনের কাছে অভিযোগের পর পুলিশ গিয়ে বাস ছাড়াতে পারেনি।

দুপুর দেড়টা হতে বাস চলাচল বন্ধ থাকার পর বিকেলে নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা বাস টার্মিনালে গিয়ে আলোচনা করে ধর্মঘট প্রত্যাহার করায়।

এসময় ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু বিচার করবেন বলে বাস মালিক ও শ্রমিকদের আশ্বস্ত করেন আবুল কাউসার আশা। পরে তার কথায় ধর্মঘট প্রত্যাহার করেন মালিক ও শ্রমিকেরা এবং বাস চলাচল স্বাভাবিক হয়।

এসময় আশা বলেন, যারা আপনাদের শ্রমিকদের মারধর করেছে তারা কী বাসে চড়বে? সাধারণ যাত্রীরা উঠবে বাসে। তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। আপনারা লিখিত অভিযোগ দিন। এর বিরুদ্ধে সর্বোচ্চ ব্যাবস্থা নেয়া হবে। আমি নিজের উদ্যোগে এখানে আসিনি, এমপি সাহেব আমাকে পাঠিয়েছেন। এটা তার নির্দেশ। এখানে কোন চাঁদাবাজি করা যাবে না।

তিনি বলেন, আপনারা জানেন কালাম সাহেবের বিরুদ্ধে নেগেটিভ নিউজ করলেও লেখে তিনি ক্লিনম্যান। তার মত লোক এমপি থাকতে কেউ চাঁদাবাজি ধান্ধাবাজি করবে এটা হবে না৷ এর আগে কখনও পরিবহন সংক্রান্ত কোন বিষয়ে আমি বা আমার পরিবারের কেউ এখানে আসেনি। আল্লাহ ডাল ভাত খাইয়ে আমাদের ভাল রেখেছেন। আমরা চাই আমাদের এলাকার মানুষ যেন ভাল থাকে।

তিনি আরও বলেন, পুলিশ আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবে যেন আপনাদের কোন সমস্যা না হয়৷ আর যে লিখিত অভিযোগ আপনারা করেছেন এ বিষয়ে সর্বোচ্চ ব্যাবস্থা নেয়া হবে এই অঙ্গিকার করছি৷ যিনি অভিযুক্ত তার বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে। যারা চাকরি করে লেখাপড়া করে তারা কিন্তু আপনাদের ওপর নির্ভরশীল। আপনারা পরিবেশ স্বাভাবিক রাখলে সকলের পক্ষে স্বাভাবিক ভাবে চলাফেরা করা সম্ভব। সকলের পক্ষে তো নিজের গাড়ি দিয়ে চলা সম্ভব নয়।

এসময় ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু বিচার করবেন বলে বাস মালিক ও শ্রমিকদের আশ্বস্ত করেন আবুল কাউসার আশা। পরে তার কথায় ধর্মঘট প্রত্যাহার করেন মালিক ও শ্রমিকেরা এবং বাস চলাচল স্বাভাবিক হয়।