বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যু, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও চলতি বছরের ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠনের পর ব্যস্ত কাটিয়ে যাচ্ছেন বর্তমান দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার দল গোছানোর কাজে মনোযোগ দিয়েছেন তিনি। দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠন, কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন এবং সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে দলকে সক্রিয় করতে নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করার পরিকল্পনা হাতে নিয়েছেন দলের চেয়ারম্যান।
দলীয় সূত্র জানিয়েছে, ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং বাকি অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতাদের সঙ্গেও শিগগিরই বৈঠক করবেন তারেক রহমান। এরপর পর্যায়ক্রমে দেশের অন্যান্য মহানগর ও জেলা বিএনপির নেতাদের সঙ্গেও বৈঠকের পরিকল্পনা রয়েছে।
দলের সূত্রে জানা গেছে, ৫ আগষ্টের পর ওই মাস থেকে পর্যায়ক্রমে মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো পুনর্গঠনের কাজ শুরু হতে পারে। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক সময়সূচি নির্ধারণ করা হয়নি। ইতোমধ্যে গত সপ্তাহে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কেন্দ্রীয় ও ঢাকা দায়িত্বপ্রাপ্তসহ অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের সাথে বৈঠক হয়েছে। তিনি আমাদের নেতাকর্মীদের খোঁজ নেন এবং সাংগঠনিক অবস্থা সম্পর্কে জানতে চান। দলকে শক্তিশালী করার নির্দেশও দিয়েছেন তিনি।
ওই বৈঠকে তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, অনেক কমিটি মেয়াদোত্তীর্ণ অবস্থায় রয়েছে। এসব কমিটিকে পুনর্গঠিত করতে হবে এবং যেখানে সম্ভব কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করতে হবে। এতে সংগঠন আরও গণতান্ত্রিক ও গ্রহণযোগ্য হবে। দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে কয়েকটি সংগঠনের নতুন কমিটি ঘোষণার ইঙ্গিত দেন বিএনপি হাইকমান্ড।
এদিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটি প্রায় দেড় বছর যাবৎ চলমান রয়েছে। অন্যদিকে প্রায় চার বছরের কাছাকাছি সময়ে চলমান নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক কমিটি। দীর্ঘদিন ধরে হামলা মামলা কারাবন্দি জীবন শেষে বিএনপি সরকার গঠনের পর জেলা ও মহানগর বিএনপি শীর্ষ নেতারা সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, জেলা উন্নয়ন কর্তৃপক্ষ সহ একাধিক স্থানে নিয়োগ পেয়েছে। একই সাথে জেলা মহানগর নেতারা চারটি আসনের এমপি নির্বাচিত হয়ে সরকারে দায়িত্ব পালন করছেন।
৩৩ মাস যাবৎ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটি পরিচালিত হচ্ছে। একাধিক গ্রুপিং হওয়া কারণে এখনো ৪১ বিশিষ্ট কমিটির ওয়ার্কিং কমিটির সভা করতে পারেনি। ইতোমধ্যে বিএনপির সরকার গঠনের পর মহানগর বিএনপি আহবায়ক সাখাওয়াত হোসেন খান নাসিকের প্রশাসকের দায়িত্ব পালন করে যাচ্ছেন।
বিগত আওয়ামীলীগ সরকার আমলে পূর্ণাঙ্গ কমিটি গঠন কিংবা সম্মেলন আয়োজন করতে পারেনি দলটি। ফলে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে কবে শেষ হবে আহ্বায়ক কমিটির অধ্যায়। ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করে। নতুন কমিটি ঘোষণার পরপরই তা নিয়ে দলের ভেতরে আলোচনা-সমালোচনা শুরু হয়। কমিটিতে স্থান পাওয়া ও না পাওয়া নিয়ে অসন্তোষ তৈরি হলে কয়েকজন নেতা প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন। এমনকি কমিটির একটি অংশ পদত্যাগও করে।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আহ্বায়ক কমিটি বহাল থাকায় ওয়ার্ড পর্যায়ের অনেক সাংগঠনিক কার্যক্রমও স্থবির হয়ে পড়েছে। নতুন নেতৃত্ব নির্বাচনের বিষয়ে তৃণমূলের আগ্রহ থাকলেও কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে স্থানীয় নেতৃত্ব।
তবে সাংগঠনিক কার্যক্রম থেমে নেই বলে দাবি করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। একই ধরনের বক্তব্য দিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। তিনি বলেন, মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। আমরা দীর্ঘদিন ধরে আহ্বায়ক কমিটি দিয়েই সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছি। তৃণমূলের প্রত্যাশা রয়েছে, খুব শিগগিরই কেন্দ্র এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
গত বছর ২ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৫ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক করা হয় অধ্যাপক মামুন মাহমুদ, ১ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, যুগ্ম আহ্বায়ক হিসেবে মাসুকুল ইসলাম রাজিব, শরীফ আহম্মেদ টুটুল এবং সদস্য হিসেবে মুহাম্মদ গিয়াস উদ্দিনকে। দেড় মাসের মাথায় ২৪ মার্চ চারটি উপজেলা শীর্ষ নেতাদের নিয়ে নতুন করে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটিতে ২৮ জন সদস্য যুক্ত করা হয়।
বর্তমান আহবায়ক কমিটির আহবায়ক মামুন মাহমুদ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান দীপু নারায়ণগঞ্জ-১ আসনের এমপি, আরেক যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান, সদস্য আজহারুল ইসলাম মান্নান নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

































আপনার মতামত লিখুন :