News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

সিটি করপোরেশনের সীমানা সম্প্রসারণে গণশুনানি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৯:০১ পিএম সিটি করপোরেশনের সীমানা সম্প্রসারণে গণশুনানি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সীমানা সম্প্রসারণের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে গণশুনানীতে অংশ নেন সদর উপজেলার কুতুবপুর, ফতুল্লা, কাশীপুর ও এনায়েতনগর ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দারা। এসময় জেলা প্রশাসক ও সীমানা নির্ধারণ কর্মকর্তা মো. রায়হান কবির তাদের পরামর্শ ও আপত্তি শোনেন।

ভুক্তভোগীরা বলেন, ফতুল্লা শিল্পাঞ্চল হলেও সবগুলো ইউনিয়ন উন্নয়ন বঞ্চিত। জলাবদ্ধতাসহ নানা সমস্যায় জর্জরিত। তারা নাসিকে অন্তর্ভুক্তির মাধ্যমে নাগরিক সেবা আরো বাড়ানোর দাবি জানান।

জেলা প্রশাসক ও সীমানা নির্ধারণ কর্মকর্তা মো. রায়হান কবির বলেন, প্রস্তাবিত এলাকার বাসিন্দাদের কাছ থেকে লিখিতভাবে পরামর্শ ও আপত্তি আহ্বান করা হয়েছিল। আজকে যারা পরামর্শ ও আপত্তি জানিয়েছেন তাদের পরামর্শ ও আপত্তি লিপিবদ্ধ করা হয়েছে। পরবর্তীতে সব দিক বিবেচনা করে পদক্ষেপ নেয়া হবে। 

এর আগে গত ৭ জুলাই জেলা প্রশাসক ও সীমানা নির্ধারণ কর্মকর্তা রায়হান কবির স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সীমানা পরিবর্তন (সম্প্রসারণ ও সংকোচন) বিধিমালা, ২০১৩-এর ধারা ৫ অনুযায়ী সীমানা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। 

প্রস্তাব অনুযায়ী, কুতুবপুর ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ এলাকা সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করা হবে। এ ছাড়া ফতুল্লা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের পুরো এলাকা এবং ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব সস্তাপুর ও আশপাশের এলাকা, ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব ইসদাইর, চাঁদমারী ও সংলগ্ন এলাকাও নাসিকের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া কাশীপুর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ অংশ এবং এনায়েতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের এলাকাও সিটি করপোরেশনের সীমানায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।