News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

আগুনে মারা গেল নারায়ণগঞ্জের ৫ জন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ১০:১০ পিএম আগুনে মারা গেল নারায়ণগঞ্জের ৫ জন

দক্ষিণ আফ্রিকায় একটি সুপারসপে অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যু হয়েছে যাদের ৫ জনের বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেকে। অপর একজনের বাড়ি মুন্সীগঞ্জে।

মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে দোকানে ভয়াবহ ওই অগ্নিকা-ের ঘটনা ঘটে। আহত আরেকজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, কুইন্সটাউটে আলীরটেক ইউনিয়নের ৪নং ইউপি সদস্য রওশন আলীর মালিকানাধীন সুপার সপ রয়েছে। রাতে সবাই ঘুমিয়ে ছিল। হঠাৎ সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৬জনের মৃত্যু হয়। এসময় তারা দোকানের ভেতর ঘুমাচ্ছিলেন বলে জানা যায়।

নিহতরা হলেন নারায়ণগঞ্জের ফতুল্লা আলীরটেক ইউনিয়নের ক্রোকের চর এলাকার মনির হোসেনের ছেলে মো. ফাহিম (২৯), একই এলাকার আলী মিয়ার ছেলে আপন আহমেদ (২৩), মৃত শরব আলীর ছেলে নুর মোহাম্মদ (৫৫), একই ইউনিয়নের তৈলখিয়ার চর এলাকার ফারুক হোসেনের ছেলে মো. ফয়সাল (২৬), বক্তাবলী ইউনিয়নের মৃত আক্তার হোসেনের ছেলে মো. শাহিন (৩০) এবং মুন্সিগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার কালিন্দিপাড়া এলাকার মৃত সালাম বেপারির ছেলে মো. রাজিক (৫৫)।

স্থানীয় মেম্বার ও ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মালিকের ভাই রওশন আলী জানান, কিভাবে আগুন লেগেছে তারা সেটি নিশ্চিত নন। ক্ষতিগ্রস্তরা সকলেই তার আত্মীয় স্বজন। কেউ ভাতিজা কেউ ভাগ্নে কেউ বড় ভাই। ক্ষতিপূরনের বিষয়ে পরে জানানো যাবে।

এবিষয়ে নারায়ণগঞ্জের সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও ফয়েজ উদ্দিন বলেন, দক্ষিণ আফ্রিকার অগ্নিকা-ে নিহত ছয়জনের মধ্যে ৪জনের বাড়ি আলীরটেকে, একজনের বাড়ি বক্তাবলীতে এবং একজনের বাড়ি মুন্সিগঞ্জে। ইতোমধ্যে প্রবাসী কল্যান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। সরকারিভাবে যে সহায়তা ও ক্ষতিপূরণের ব্যবস্থা রয়েছে, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করা হবে। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জানা যাবে।