News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

‘ও’ লেভেলে ১১ এ স্টার পেয়ে দেশ সেরা নারায়ণগঞ্জের সাফিয়া


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৭:৪০ পিএম ‘ও’ লেভেলে ১১ এ স্টার পেয়ে দেশ সেরা নারায়ণগঞ্জের সাফিয়া

দেশের অন্যতম স্বনামধন্য ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান চেইঞ্জেস স্কুল আবারও জাতীয় পর্যায়ে অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখে শিক্ষাঙ্গনে নতুন গৌরবের ইতিহাস রচনা করেছে।

দ্যা ডেইলি স্টার ও প্রাইম ব্যাংক আয়োজিত ২৫তম ডেইলি স্টার ‘ও’ এন্ড ‘এ’ লেভেল হাই এ্যাচিভার এ্যওয়ার্ড ২০২৫ -এ চেইঞ্জেস স্কুলের ১৬ জন মেধাবী শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে সম্মানজনক পুরস্কার অর্জন করে প্রতিষ্ঠানটির শ্রেষ্ঠত্বকে আরও একবার প্রতিষ্ঠিত করেছে। তবে চেইঞ্জেস স্কুলের এবারের শ্রেষ্ঠত্বে সবচেয়ে উজ্জ্বল সাফল্যের নাম সাফিয়া চৌধুরী নওশিন।

পেয়ারসন এডেক্সেল ‘ও’ লেভেল পরীক্ষায় সাফিয়া চৌধুরী নওশিন ১১টি বিষয়ে অংশগ্রহণ করে সবকটিতেই এ স্টার অর্জন করে দেশসেরা ৪২ জন ‘ও’ লেভেল শিক্ষার্থীর মধ্যে ২য় স্থান অধিকার করেছেন যা দেশের শিক্ষাঙ্গনে এক বিরল ও অনন্য কৃতিত্ব। তাঁর এই অসাধারণ ফলাফল তাঁকে দেশের সেরা শিক্ষার্থীদের অন্যতম হিসেবে প্রতিষ্ঠিত করেছে এবং নারায়ণগঞ্জের শিক্ষাঙ্গনকে এনে দিয়েছে এক অনন্য সম্মান।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র (বিসিইসি)-এ আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

এ বছর দেশের ১২১টি ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ২,৫৪৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। তাঁদের মধ্যে ১,৯২৮ জন ‘ও’ লেভেল এবং ৬১৭ জন ‘এ’ লেভেল শিক্ষার্থী ছিলেন। সারা দেশের হাজারো মেধাবীর মধ্য থেকে দেশসেরা ৪২ জন ‘ও’ লেভেল শিক্ষার্থীর মধ্যে একজন হিসেবে বিশেষ সম্মাননা অর্জন করেন চেইঞ্জেস স্কুলের শিক্ষার্থী সাফিয়া চৌধুরী নওশিন।

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়াস্থ মার্ক টাওয়ার ভবনের বাসিন্দা মো. হারুন অর রশিদ চৌধুরী স্বপন ও সুরমা চৌধুরী দম্পত্তির কন্যা সাফিয়া চৌধুরী নওশিনের এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়; এটি চেইঞ্জেস স্কুলের দীর্ঘদিনের শিক্ষাগত উৎকর্ষ, শিক্ষক-শিক্ষিকাদের নিরলস প্রচেষ্টা এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতারও উজ্জ্বল প্রতিফলন।

সংবর্ধনা অনুষ্ঠানে দেশ সেরা তিন শিক্ষার্থী ১ম স্থান- সাহিল সাদমান (ডন বসকো স্কুল এন্ড কলেজ), ২য় স্থান- সাফিয়া চৌধুরী নওশিন ও ৩য় স্থান অধিকারী প্রিয়তা ঘোষ (এবিসি ইন্টারন্যাশনাল স্কুল) এর বক্তব্য রাখার সুযোগ হয়।

সাফিয়া চৌধুরী বলেন, সফলতার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল আমার পরিবার, শিক্ষক এবং স্কুলের। তাঁদের অব্যাহত সহযোগিতা ও অনুপ্রেরণাই আমাকে এই অর্জনের পথে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে। আজ এই হলরুমে অসংখ্য মেধাবী শিক্ষার্থী এবং সীমাহীন সম্ভাবনার সমাবেশ ঘটেছে। আসুন, আমরা আমাদের মেধা, জ্ঞান ও প্রতিভাকে কাজে লাগিয়ে আমাদের দেশ এবং বিশ্বের জন্য ইতিবাচক পরিবর্তন বয়ে আনি। আমরা আগামী দিনের জাতি গড়ার কারিগর। আমরাই পরিবর্তনের পথিকৃৎ, আমরাই পৃথিবীতে ইতিবাচক পরিবর্তন আনার জন্য জন্মেছি।