News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

বিএনপি-এনসিপির দূরত্ব বাড়ছে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১, ২০২৬, ০৯:৫৫ পিএম বিএনপি-এনসিপির দূরত্ব বাড়ছে

নারায়ণগঞ্জের রাজনীতিতে একই রাজনৈতিক পরিসরে থাকা বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় নেতাদের মধ্যে নতুন করে টানাপোড়েন দেখা দিয়েছে। ফতুল্লার বক্তাবলীতে এনসিপির এক নেতার ওপর হামলার অভিযোগ, পরে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা এবং এ নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যে সেই দূরত্ব আরও স্পষ্ট হয়েছে। ঘটনাটি এখন কেবল একটি হামলার অভিযোগের মধ্যে সীমাবদ্ধ নেই, স্থানীয় রাজনীতিতে দুই দলের সম্পর্ক কোন দিকে যাচ্ছে, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।

গত সোমবার রাতে বক্তাবলী বাজার এলাকায় এনসিপির নারায়ণগঞ্জ জেলা কমিটির সহসাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম তাওহীদের ওপর হামলার ঘটনা ঘটে। এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাঁর ওপর হামলা করেছেন। তাওহীদের মাথায় আঘাত লাগে এবং তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি নেতা হালিম আজাদ। তিনি দাবি করেন, ঘটনার সময় তিনি বক্তাবলীতে ছিলেন না এবং তাঁকে অহেতুক জড়ানো হচ্ছে। পুলিশও তখন জানিয়েছিল, হামলায় কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।

এরপর মঙ্গলবার রাতে ঘটনাটি রাজনৈতিকভাবে আরও গড়ায়। এনসিপির পক্ষ থেকে ফতুল্লা মডেল থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করা হয়। ওই মামলায় বিএনপির স্থানীয় নেতাসহ ১৬  জনকে আসামি করা হয়েছে। মামলার পাশাপাশি থানার সামনে এনসিপির নেতাকর্মীদের অবস্থান ও স্লোগান দেওয়ার ঘটনাও রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে। সেখানে নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক জোবায়ের সরদার নেতা-কর্মীদের উদ্দেশে কঠোর বক্তব্য দেন। তাঁর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা তৈরি হয়। তিনি পরে বলেন, নেতা-কর্মীদের শান্ত করার জন্যই তিনি ওই বক্তব্য দিয়েছেন এবং পুলিশের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

পুলিশের পক্ষ থেকে অবশ্য ঘটনাটিকে সরাসরি দুই দলের রাজনৈতিক বিরোধ হিসেবে দেখানো হয়নি। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানিয়েছেন, বক্তাবলীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিত-া ও পরে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তবে স্থানীয় রাজনীতিতে ঘটনাটির আলাদা তাৎপর্য রয়েছে। বিএনপি এখন নারায়ণগঞ্জের চারটি সংসদীয় আসনের প্রতিনিধিত্ব করছে। অন্যদিকে নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন রয়েছেন। ফলে জাতীয় সংসদে ভিন্ন রাজনৈতিক অবস্থানে থাকা দুই দলের স্থানীয় নেতাকর্মীদের মাঠের সম্পর্কও এখন নতুন বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে।

বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন সামনে থাকায় এই সম্পর্ক আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইউনিয়ন পরিষদসহ স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক না থাকার কারণে প্রার্থী ও সমর্থনের হিসাব অনেকটাই স্থানীয় পর্যায়ের ওপর নির্ভর করবে। এমন পরিস্থিতিতে বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা যদি একই এলাকায় সাংগঠনিক প্রভাব বিস্তারে সক্রিয় হন, তাহলে প্রতিযোগিতা বাড়ার সম্ভাবনা রয়েছে।

বক্তাবলীর ঘটনাও এমন একটি সময়েই ঘটেছে, যখন স্থানীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলো নিজেদের সংগঠন শক্তিশালী করার চেষ্টা করছে। এনসিপি বক্তাবলীসহ বিভিন্ন এলাকায় সাংগঠনিক কার্যক্রম বাড়াচ্ছে। বিএনপিও দীর্ঘদিনের সাংগঠনিক কাঠামোকে কাজে লাগিয়ে তৃণমূলে নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করছে। ফলে একই এলাকায় দুই দলের সাংগঠনিক তৎপরতা বাড়লে স্থানীয় ইস্যু নিয়েও বিরোধ তৈরি হওয়ার সুযোগ থাকছে।

নারায়ণগঞ্জে বিএনপি ও এনসিপির সম্পর্ক এখন আগের চেয়ে বেশি প্রতিযোগিতাপূর্ণ পরিস্থিতির মধ্যে পড়েছে। বক্তাবলীর ঘটনা সেই টানাপোড়েনকে প্রকাশ্যে নিয়ে এসেছে। সামনে স্থানীয় নির্বাচন ও তৃণমূলের সাংগঠনিক বিস্তার যত বাড়বে, দুই দলের মাঠের সম্পর্ক কোন দিকে যায় সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।