News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

আদালতপাড়ায় বিএনপিপন্থি আইনজীবীদের হাতাহাতি, প্রশাসককে হেনস্তা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৬, ০৮:৪৪ পিএম আদালতপাড়ায় বিএনপিপন্থি আইনজীবীদের হাতাহাতি, প্রশাসককে হেনস্তা

নারায়ণগঞ্জ আদালতে বিএনপিপন্থি দুই পক্ষের আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ভবনের দ্বিতীয় তলায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে হেনস্তা করা হয়েছে।

আইনজীবীরা জানান, বিকেলের দিকে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরের চেম্বারে আইনজীবীদের নিয়ে খাওয়ার আয়োজন করা হয়। বিপরীতে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের পক্ষে অন্য আইনজীবীদের নিয়ে খাওয়ার আয়োজন করা হয়। আর এ আয়োজনকে কেন্দ্র করে দুই পক্ষের আইনজীবীরা মুখোমুখী অবস্থানে ছিল।

এক পর্যায়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান আদালতে প্রবেশ করেন এবং আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরের চেম্বারে বসেন।

এসময় বিপরীত পক্ষে থাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের লোকজন থেমে থেমে চিৎকার-চেঁচামেচি এবং হৈ-হুল্লোড় করতে থাকে।

পরবর্তীতে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এগিয়ে গিয়ে বিপরীতে থাকা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকিরকে জিজ্ঞাসা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়। এসময় তাদের সঙ্গে যোগ দেন অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান। সেই সঙ্গে আইনজীবীরা একে অপরকে ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে জড়িয়ে যান।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান বলেন, আমরা রুমে বসে কথা বলছিলাম। হঠাৎ করে সাখাওয়াত সাহেব ও আজিজ মোল্লাসহ তার অনুসারীরা হামলা করে। এতে পিপির আঙ্গুল ভেঙে যায়। পাশাপাশি অ্যাডভোকেট নয়নের কলার ধরে টান দেওয়া হয়। আমরা প্রতিরোধ করতে গেলে আমাদের উপরও হামলা করে। মূলত তিনি দীর্ঘদিন ধরেই চাচ্ছেন নারায়ণগঞ্জ কোর্টকে দুইভাগে বিভক্ত করার। পাশাপাশি অনৈতিকভাবে তিনি একজন পিপিকে বসিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু আইনজীবীদের প্রতিবাদের মুখে তিনি ও তার অনুসারীরা পালিয়ে যেতে বাধ্য হোন।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মহানগর বিএনপির আহ্বায়ক ও সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, এটা বিব্রতকর ঘটনা। যারা ঘটিয়েছে তারা নিজেদেরকে চিনতে ভুল করেছে। আমি আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলাম। দীর্ঘদিন ধরে এ পেশায় জড়িত। এ ঘটনা কারও জন্য শুভকর নয়।