News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

আইনজীবী ফোরামের তিন মাসের কমিটিতে দেড় বছর পার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৬, ১০:৩১ পিএম আইনজীবী ফোরামের তিন মাসের কমিটিতে দেড় বছর পার

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবীদের ফোরামের তিন মাসের আহবায়ক কমিটিতে ইতোমধ্যে দেড় বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু এই সময়েও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্মেলনের কোনো খবর নেই। কবে নাগাদ হতে পারে তারও কোনো নিশ্চয়তা নেই। আর এভাবেই মাসের পর মাস পেরিয়ে এবার বছরও পেরিয়ে গেছে। সেই সাথে কয়েক জনের আহবায়ক কমিটির মধ্যেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

দলীয় সূত্র বলছে, ২০২৫ সালের ২৭ মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহŸায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে আহবায়ক হিসেবে অ্যাডভোকেট মো. জাকির হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে অ্যাডভোকেট বেনজির আহমেদ এবং  সদস্য সচিব হিসেবে রয়েছেন অ্যাডভোকেট কাজী আব্দুল গাফফার। সেই সাথে যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন-অ্যাডভোকেট জহিরুল হক, অ্যাডভোকেট মেহেবুব আরেফিন শিমু, অ্যাডভোকেট কারসার আলম চৌধুরী টুটুল, অ্যাডভোকেট আসমা বিথি, অ্যাডভোকেট শামছুন নুর বাঁধন।

কমিটি ঘোষণার সময়ে তাদেরকে তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়। কিন্তু এই তিন মাস পেরিয়ে ইতোমধ্যে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রায় দেড় বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। তারপরও কমিটি ঘোষণা কিংবা সম্মেলনের ব্যাপারে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বর্তমান নেতাদের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না।

তবে এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালতের আইনজীবীদের বক্তব্য হচ্ছে- আমরা সম্মেলনের জন্য প্রস্তুত রয়েছি। কেন্দ্রীয় নির্দেশনা আসলেই আমরা আমাদের মতো করে সম্মেলনের আয়োজন করবো। এখানে কোনো রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার সুযোগ নেই। আমরা সম্মেলনের আয়োজন করবো আর কেন্দ্রীয় নেতারা এসে পর্যবেক্ষণ করবেন। কিন্তু কেন্দ্রীয় নির্দেশনা কবে আসবে তার কোনো নিশ্চয়তা নেই।

আদালতপাড়া সূত্র বলছে, আওয়ামী লীগ সরকারের সময়ে দীর্ঘদিন ধরে ব্যর্থতার পরিচয় দিয়ে আসা নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরামকে শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করা হয়। তারই অংশ হিসেবে হঠাৎ করেই ২০২৫ সালের ১২ ফেব্রæয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক আইনজীবী মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কমিটি বাতিল করা হয়। 

এরপর ওই বছরের ২৭ মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহŸায়ক কমিটি ঘোষণা করা হয়।

আর এই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি বাতিল ও নতুন কমিটি গঠনের পর থেকেই সম্মেলন নিয়ে অনেক আলাপ আলোচনা চলমান ছিলো। সম্মেলনে বিভিন্ন পদে প্রতিদ্ব›দ্বীতা করার প্রত্যাশা নিয়ে অনেকেই নিজেদের বিভিন্নভাবে জানান দিয়ে আসছিলেন। সেই সাথে সভাপতি কিংবা সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে নিজেদের আলোচনায় রাখছিলেন। একই সাথে আদালতপাড়ায় বিভিন্ন বলয় গড়ে উঠেছিলো। কিন্তু বর্তমানে যেন সবকিছুই মিইয়ে গেছে। আদালতপাড়ায় জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি নিয়ে কোনো আলাপ আলোচনা নেই।

এর আগে ২০২০ সালের ৯ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা জাতীয়বাদী আইনজীবী ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হয়। আর এই সম্মেলনকে কেন্দ্র করে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা দুই ভাগে বিভক্ত হয়ে দুইটি প্যানেল ঘোষণা দেন। একটি প্যানেলের প্রতিদ্ব›দ্বীতায় ছিলেন সভাপতি পদে অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানী, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আজিজ আল মামুন, সহ সভাপতি পদে অ্যাডভোকেট সীমা সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আনিসুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট আলী হোসাইন।

অন্য প্যানেলের সভাপতি পদে অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, সহ সভাপতি পদে অ্যাডভোকেট আজিজুল হক হান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান এবং সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন। সম্মেলন শেষে তাদের জয় হয়।

এরপর ২০২২ সালের ১৬ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করে কেন্দ্রীয় কমিটি। আর এই কমিটিতে গত ২০২০ সালের ৯ ডিসেম্বর নির্বাচিত ৫জনকে স্বপদে বহাল রাখা হয়। কিন্তু এই কমিটি দায়িত্ব পালনকালীন সময়ে কোনো সফলতার পরিচয় দিতে পারেননি।

এদিকে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বর্তমান কমিটিও তেমন তৎপরতা দেখাতে পারছেন না। সবকিছু নিজেদের অনুকূলে থাকা সত্বেও সম্মেলনের আয়োজন করতে পারছেন না। সেই সাথে ফোরামকেও সাধারণ আইনজীবীদের মাঝে বিস্তৃতি ঘটাতে পারছেন না।