News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

প্রতিষ্ঠাবার্ষিকী জন্মদিনে টাকা কারা নেন ?


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬, ০৭:৫৪ পিএম প্রতিষ্ঠাবার্ষিকী জন্মদিনে টাকা কারা নেন ?

নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি মাসুদুজ্জামানের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।

৮ নভেম্বর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য দিতে গিয়ে মাসুদের বক্তব্যের প্রতিক্রিয়া জানান আজাদ।

সভায় সাম্প্রতিক শ্রমিক আন্দোলনের ঘটনায় গার্মেন্ট মালিকদের সংগঠন বিকেএমইএ এর কেউ উপস্থিত না থাকায় অসন্তোষ প্রকাশ করেন।

শ্রমিক অসন্তোষের সময়ে চেম্বারের এক সভায় মাসুদ বলেন, অনেকেই অনেক বড় বড় কথা বলেন। আপনাদের টাকা না দিলে শ্রমিকদের বেতন ৩০ হাজার নয় শুধু ৪০ হাজার টাকা দিতে পারবো। আমাদের ওয়ান স্টপ সার্ভিস দেন; শ্রমিকের কত টাকা বেতন দিতে হয় আমরা দিবো। অমুকের প্রতিষ্ঠাবার্ষিকী; অমুকের জন্মদিন; কাস্টমসের অমুক টাকা; এনবিএআরের অমুক টাকা; যেখানেই কাগজ লাগে সেখানেই টাকা দিতে হয়। এত টাকা দিতে দিতে মালিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। যে কারণে আমরা দিতে পারি না। আমাদের কোথায় টাকা দিতে না হয়। বছরে কোটি কোটি টাকা দিতে হয়। এই টাকা আমার শ্রমিকদের দিতে পারতাম।

মাসুদের এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে উঠে।

ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় আজাদ বলেন, কিছু কিছু বাক্য এসেছে প্রতিষ্ঠাবার্ষিকী, তারপরে জন্মদিন। আমি জানিনা এরকম কোনো টাকা পয়সা আমাদের দলকে বা দলের নেতৃবৃন্দকে দিতে হয় বলে আমাদের জানা নেই। যদি আসলে এরকম কোনো কিছু থাকে তাহলে আমি ওই নির্দিষ্ট ব্যক্তির কাছে একটু জানতে চাই যে, কারা চাচ্ছে তাদের নাম একটু মেনশন করে বলুন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ওদের বিরুদ্ধে প্রোপার ব্যবস্থা নেব। কিন্তু বেসিকেলি এরকম কথা বলা যাবে না।

তিনি আরো বলেন, আর যে বাক্যটা শ্রমিকদের উদ্দেশ্যে বলেছেন, আপনি সেই বাক্যটার ইমপ্লিমেন্ট যদি করতে পারেন। আপনি আপনাকে দিয়ে শুরু করেন তারপর আমরা অন্যান্য যে মালিকপক্ষ আছে আমি সহ সবাইকে নিয়ে শুরু করবো। আপনি একটু উদাহরণ হন না। আপনি উদাহরন হলে আমরা আপনার পেছন পেছন হাটবো।

‎শ্রমিকদের বেতন প্রসঙ্গে এমপি আজাদ বলেন, কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের ক্রয়াদেশ, বায়ার ও উৎপাদনমূল্যের ওপর বেতন দেওয়ার সক্ষমতা নির্ভর করে। কোনো প্রতিষ্ঠানের যদি উচ্চমূল্যের বায়ার বা ভালো ক্রয়াদেশ থাকে, তাহলে সেখানে তুলনামূলক বেশি বেতন দেওয়া সম্ভব। কিন্তু দেশের অধিকাংশ গার্মেন্টস কারখানা যে ধরনের বায়ারের কাজ করে, সেখানে উৎপাদনমূল্য তুলনামূলক সীমিত।

‎নজরুল ইসলাম আজাদ বলেন, গার্মেন্টস ব্যবসায় ৩০ হাজার, ৪০ হাজার কিংবা ৬০ হাজার টাকা বেতন দেওয়া কোনো ইস্যু নয় যদি সেই অনুযায়ী বায়ার ও কাজ থাকে। আপনি যদি ভালো কোনো বায়ারের কাজ করেন এবং আপনার সিএম ও এফএবি অনেক বেশি হয়, তাহলে এক লাখ টাকা বেতন দিতেও সমস্যা হবে না। কিন্তু বাংলাদেশের গার্মেন্টস মালিকরা যে ধরনের বায়ারের কাজ করেন, সেখানে দাম ও লাভের পরিমাণ সীমিত।

‎তিনি আরও বলেন, বাংলাদেশে শীর্ষ পর্যায়ের বায়ারের কাজ তুলনামূলক কম আসে। অনেক প্রতিষ্ঠান ওয়ালমার্ট, লিডল, এমএনএইচসহ বিভিন্ন বায়ারের জন্য কাজ করলেও সব ক্ষেত্রে সর্বোচ্চ মূল্যের অর্ডার পাওয়া যায় না। ফলে বাস্তব পরিস্থিতি বিবেচনা না করে শ্রমিকদের বেতন নিয়ে মন্তব্য করলে মালিক ও শ্রমিক উভয় পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে।

‎শ্রমিকদের উদ্দেশে কোনো বক্তব্য বা দাবি উত্থাপনের ক্ষেত্রে সংশ্লিষ্টদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে এমপি আজাদ বলেন, আপনি যে বাক্যটি বলেছেন, সেটি যদি প্রমাণ করতে পারেন, তাহলে আপনাকে দিয়ে শুরু করেন। এরপর অন্যান্য মালিকপক্ষসহ আমি সবাইকে নিয়ে শুরু করার চেষ্টা করব। আপনি একটু এক্সাম্পল হন, আপনি শুরু করে দেন; আমরা আপনাদের পিছনে পিছনে হাঁটব, ইনশাআল্লাহ।

‎তিনি এমপি আজাদ বলেন, কাউকে হেনস্তা করার জন্য, নিজের ইমোশনকে কাজে লাগিয়ে কোনো উস্কানি দেওয়ার জন্য আমরা কোনো বাক্য বলব না। আমরা সবাই মিলে একত্রিতভাবে দেশের জন্য, নারায়ণগঞ্জের জন্য এবং সকল মালিক-শ্রমিকের জন্য যা ভালো ও যৌক্তিক, সেটাই করা উচিত এবং সেটাই করব, ইনশাআল্লাহ।

‎এমপি আজাদ আরও বলেন, যেকোনো বক্তব্য দেওয়ার আগে পরিস্থিতি ও পরিবেশ বিবেচনা করে কথা বলা জরুরি। আবেগ বা উস্কানিমূলক বক্তব্যের পরিবর্তে মালিক-শ্রমিক উভয় পক্ষের স্বার্থ বিবেচনা করে আলোচনার মাধ্যমে সমাধানের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

‎নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবিরের সভাপতিত্বে জেলা আইনজীবী শৃঙ্খলা কমিটির সভায় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ - ৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল আমিন, সংরক্ষিত নারী আসনের এমপি মমতাজ বেগম, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান প্রমুখ।