News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

রাসেল হত্যায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে সাক্ষগ্রহণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ০৯:০৪ পিএম রাসেল হত্যায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে সাক্ষগ্রহণ

নারায়ণগঞ্জ শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলি করে হোসিয়ারী শ্রমিক রাসেলকে (১৭) হত্যা করার অভিযোগে দায়েরকৃত  মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সাবেক এমপি শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষগ্রহণ শুরু হয়েছে। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ সাক্ষীদের সাক্ষ্য গ্রহন করেন। সাক্ষী দিয়েছেন নিহত রাসেলের বাবা পিন্টু রহমান ও প্রত্যক্ষদর্শী দেওভোগ সমিতির সাধারণ সম্পাদক সুজন মাহমুদ।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, আদালত ২ জনের সাক্ষী গ্রহণ করেছেন। সাক্ষীদের মতে রাসেলকে শামীম ওসমানই তার দলবল নিয়ে গুলি করে হত্যা করেছে। এ মামলার রায়ে নিহত রাসেলের বাবা সর্বোচ্চ সাজা দাবী করেছেন। সাক্ষী গ্রহনের সময় আদালতে মামলার ৭জন আসামী উপস্থিত ছিলেন। পলাতক রয়েছে শামীম ওসমান সহ ২৭জন। পরবর্তী সাক্ষগ্রহণ অনুষ্ঠিত হবে ১৪ ডিসেম্বর।

আসামী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট সাইদুর রহমান বলেন, আদালতে দেয়া সাক্ষীতে মামলার এজাহারনামীয় আসামীদের রাসেল হত্যায় কোন সম্পৃক্ত নেই বলেই প্রতিয়মান হয়েছে। একই সাথে জেরায় বাদী বলেছে পুলিশের লিখা এজাহারে তিনি শুধু সাক্ষর দিয়েছেন। 

উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই নারায়ণগঞ্জ শহরের দেওভোগ মার্কেটের সামনে গুলিতে আহত হয় হোসিয়ারী শ্রমিক রাসেল। এরপর ২২ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন রাসেলের বাবা পিন্টু রহমান। তাদের গ্রামের বাড়ি নওগাঁ জেলার মান্দা থানার কশব ভোলাগাড়ী গ্রামে। রাসেল নারায়ণগঞ্জ শহরের দেওভোগ মার্কেটে একটি হোসিয়ারী কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন।