News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ক্ষতিগ্রস্ত মাদ্রাসা পরিদর্শনে জামায়াত এনসিপি খেলাফত , নেই বিএনপি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০৬:৫৪ পিএম ক্ষতিগ্রস্ত মাদ্রাসা পরিদর্শনে জামায়াত এনসিপি খেলাফত , নেই বিএনপি

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড শান্তিধারা এলাকায় একটি মাদ্রাসায় অগ্নিকান্ডের ঘটনার পর প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা শিক্ষা প্রতিষ্ঠানটি পরিদর্শন করেছেন। তবে সেখানে ক্ষমতাসীন দল বিএনপির কোনো নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানটি পরিদর্শনে যেতে দেখা যায়নি। যা নিয়ে ইতোমধ্যে সমালোচনার জন্ম নিয়েছে।

নারায়ণগঞ্জের ফতুল্লার শান্তিধারা এলাকায় অবস্থিত জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকান্ডে ধোঁয় অসুস্থ হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটির ৭৯জন শিক্ষার্থী ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন। যার মধ্যে ৪ শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে তিনজনকে আইসিইউতে রাখা হয়েছে অন্য একজনকে ভেন্টিলেশন সার্পোটে রাখা হয়েছে। সেই সাথে অগ্নিকান্ডে মাদ্রাসাটির লাইব্রেরিতে থাকা লাখ লাখ টাকার বই পুড়ে ছাঁই হয়ে গেছে। ঘটনার পর শিক্ষা প্রতিষ্ঠানটি পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা আব্দুল্লাহ আল আমিন সহ এনসিপির একটি প্রতিনিধি দল। মাদ্রাসা পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর শাখার সেক্রেটারি আব্দুর জব্বার সহ খেলাফত মজলিসের নেতৃবৃন্দরা।

মঙ্গলবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মঙ্গলবার দুপুর ২ টা পর্যন্ত বিএনপির কোনো নেতাকর্মীদের সেখানে যেতে দেখা যায়নি।