News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

ছোট হয়ে আসছে বরফকল মাঠ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ১০:০৮ পিএম ছোট হয়ে আসছে বরফকল মাঠ

নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক ঐতিহ্যবাহী বরফকল মাঠ। কয়েক দশক ধরে মাঠটি এলাকার শিশু-কিশোর, তরুণ ও ক্রীড়াপ্রেমীদের খেলাধুলার অন্যতম প্রধান জায়গা হিসেবে পরিচিত। স্থানীয়দের কাছে এটি শুধু একটি খেলার মাঠ নয়, বরং এলাকার ইতিহাস, ঐতিহ্য ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ।

‎কিন্তু সেই ঐতিহ্যবাহী মাঠকে ঘিরে আবারও দখল-আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, গত বুধবার থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্যোগে মাঠের পেছনের অংশে বিভিন্ন সামগ্রী ও মাটি ফেলে ভরাট কার্যক্রম চালানো হচ্ছে।

‎সকল খেলাপ্রেমিদের আশঙ্কা, এভাবে ধীরে ধীরে ভরাট কার্যক্রম চলতে থাকলে একসময় মাঠটির স্বাভাবিক আয়তন ও ব্যবহারযোগ্য জায়গা সংকুচিত হয়ে পড়তে পারে। ফলে দীর্ঘদিন ধরে মাঠটিকে কেন্দ্র করে গড়ে ওঠা খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

‎অতীতেও মাঠ রক্ষায় আন্দোলনে নেমেছিলেন এলাকাবাসী বরফকল মাঠ নিয়ে দখল-আশঙ্কা অবশ্য নতুন নয়। ২০১৭ সালের ২৪ মার্চ প্রকাশিত প্রথম আলোর এক প্রতিবেদন অনুযায়ী, শত বছরের পুরোনো এই মাঠে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনার আশঙ্কায় সেবারও মানববন্ধন ও বিক্ষোভ করেছিলেন এলাকাবাসী। মাঠটি বিআইডবিøউটিএর আওতাধীন হলেও স্বাধীনতার আগে থেকেই সেখানে স্থানীয়রা খেলাধুলা করে আসছিলেন বলে জানিয়েছিলেন বাসিন্দারা।

‎এমনকি ২০১৭ সালের ৬ এপ্রিল মাঠ রক্ষার দাবিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আন্দোলনে নামেন। ওই সময় পোলস্টার ক্লাবের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন অভিযোগ করেছিলেন, ১৯৯৩-৯৪ সালেও বিআইডব্লিউটিএর বিরুদ্ধে মাঠ দখলের চেষ্টার অভিযোগ উঠেছিল। সামাজিক আন্দোলনের মাধ্যমে তখন সেই উদ্যোগ প্রতিহত করা হয়েছিল বলে দাবি করেন তিনি।

অন্যদিকে, এই মাঠ থেকে খেলাধুলা করে জাতীয় পর্যায়ে পরিচিতি পেয়েছেন এমন ক্রিকেটার ও ফুটবলারও রয়েছেন। জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মোহাম্মদ শরীফ, মোহাম্মদ শহীদ ও রনি তালুকদারের নাম উল্লেখ রয়েছে। অর্থাৎ মাঠটির গুরুত্ব কেবল স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ নয়; নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনের বিকাশেও রয়েছে এর ঐতিহাসিক ভূমিকা।

‎এই মাঠপ্রেমিদের প্রশ্ন, মাঠের পেছনে হঠাৎ করে ভরাট কার্যক্রম শুরু করার প্রয়োজনীয়তা কী? কী ধরনের কাজের জন্য এসব সামগ্রী ফেলা হচ্ছে? এ বিষয়ে কোনো অনুমোদিত প্রকল্প রয়েছে কি না, থাকলে সেই প্রকল্পের উদ্দেশ্য কী?

‎তাদের মতে, মাঠটি বিআইডব্লিউটিএ এর আওতাধীন হলেও এর সঙ্গে নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জ এর বাহিরের মানুষের দীর্ঘদিনের আবেগ, স্মৃতি ও ক্রীড়াচর্চা জড়িয়ে রয়েছে। তাই মাঠের কোনো অংশে স্থায়ী পরিবর্তন আনার আগে এলাকাবাসীর মতামত নেওয়া এবং পরিকল্পনার স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।

‎‎তাঁরা আশঙ্কা করছেন, শুরুতে গোডাউন এর এই ব্লকগুলো দিয়ে সামান্য জায়গা ভরাটের মধ্য দিয়ে ভবিষ্যতে মাঠের পরিসর সংকুচিত করার সুযোগ তৈরি হতে পারে। যদিও বর্তমান ভরাট কার্যক্রমের উদ্দেশ্য বা এর সঙ্গে মাঠ দখলের কোনো পরিকল্পনা জড়িত কি না, তা এখনো নিশ্চিত নয়।

‎নাসিক ১১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অহিদুল ইসলাম বলেন, মাঠটি দখল করার ষড়যন্ত্র চলছে। মাঠটি চলে গেলে বাচ্চারা খেলবে কোথায়? নাসিক ২৭ টি ওয়ার্ডের মধ্যে বরফকল একটি মাঠ যেখানে নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জ এর বাহিরে থেকেও বিভিন্ন বয়সের খেলাপাগল মানুষেরা ভীড় করে। এছাড়াও আমাদের আশে পাশের ওয়ার্ড গুলোর মধ্যেও এটিই একমাত্র মাঠ। এটা চলে গেলে একমাত্র খেলার জায়গাটি অবশিষ্ট থাকবে না। খেলতে না পারলে তারা মাদকের দিকে ও অন্যান্য খারাপ দিকগুলো কাছে টেনে নিবে। মাঠটি যাতে কোনো অপশক্তি দখলে নিতে না পারে ডিসি মহোদয় ও প্রশাসনে সুদৃষ্টি কামনা করছি।