নারায়ণগঞ্জে শীতের আগমনে জমে উঠছে রস বাগিচার প্রস্তুতি। শহরের মানুষের কাছে গ্রামবাংলার শীতের ঐতিহ্য ও খেজুরের টাটকা রসের স্বাদ পৌঁছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সাত উদ্যোক্তা।
শীতের আগমনী হাওয়ার সঙ্গে গ্রামবাংলার প্রকৃতিতে শুরু হয় এক চিরচেনা উৎসব। খেজুরগাছ কাটা, গাছে হাঁড়ি বাঁধা, ভোরের শিশিরভেজা সকালে টাটকা খেজুরের রস সংগ্রহ এসব যেন বাঙালির শীতকালীন ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। তবে আধুনিক নগরজীবনে এই দৃশ্য দিন দিন বিরল হয়ে উঠছে। আর সেই হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্যকে শহরের মানুষের কাছে ফিরিয়ে আনতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে কাজ করছে নারায়ণগঞ্জের ‘রস বাগিচা’।
শহরের বুকেই গড়ে ওঠা এই ছোট্ট গ্রামীণ পরিবেশ শীত এলেই নতুন প্রাণ ফিরে পায়। প্রতিবছরের মতো এবারও শীত মৌসুমকে সামনে রেখে রস বাগিচায় চলছে খেজুরের রস আহরণের ব্যাপক প্রস্তুতি। বাগানের ভেতরে-বাইরে মিলিয়ে প্রায় ৭০টি খেজুর গাছকে ঘিরে সাজানো হচ্ছে এবারের আয়োজন। অভিজ্ঞ গাছিদের মাধ্যমে গাছ প্রস্তুত, রস সংগ্রহের উপযোগী করা এবং প্রয়োজনীয় সরঞ্জাম গোছানোর কাজ চলছে।
জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাতজন উদ্যোক্তার সম্মিলিত উদ্যোগে গড়ে উঠেছে এই রস বাগিচা। তাঁদের মূল উদ্দেশ্য শুধু খেজুরের রস সংগ্রহ ও বিক্রি নয়; বরং শহরের মানুষের কাছে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য, সংস্কৃতি ও শীতের প্রকৃত আমেজ পৌঁছে দেওয়া।
বিশেষ করে শহরে বেড়ে ওঠা নতুন প্রজন্মের অনেকেই খেজুরগাছ থেকে রস সংগ্রহের দৃশ্য সরাসরি দেখার সুযোগ পায় না। রস বাগিচার মাধ্যমে তারা যেমন প্রকৃতির কাছাকাছি আসতে পারবে, তেমনি গ্রামীণ জীবনের ঐতিহ্য সম্পর্কেও জানতে পারবে। পাশাপাশি পরিবার-পরিজন নিয়ে শীতের সকালে টাটকা খেজুরের রস উপভোগ করার সুযোগ তৈরি হবে।
উদ্যোক্তাদের প্রত্যাশা, এবারের মৌসুমে প্রায় ৭০টি গাছ থেকে রস আহরণের মাধ্যমে আগের বছরের তুলনায় আরও সুন্দর ও আকর্ষণীয় আয়োজন উপহার দেওয়া সম্ভব হবে। তাঁদের পরিকল্পনায় রয়েছে গ্রাহকদের স্বাগত জানাতে পরিচ্ছন্ন পরিবেশ, সুন্দর ব্যবস্থাপনা এবং ঐতিহ্যবাহী রস সংগ্রহের আবহ বজায় রাখা।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় সরকারি কদম রসুল কলেজের সামান্য সামনে, কাশেম-জামালের বাগানের মাঠে অবস্থিত এই রস বাগিচা। শহরের কাছেই গ্রামীণ পরিবেশে শীতের খেজুরের রস উপভোগ করার সুযোগ তৈরি করছে এই উদ্যোগ।
সব মিলিয়ে ‘রস বাগিচা’ এখন শুধু একটি খেজুরের রস সংগ্রহের স্থান নয়; এটি হয়ে উঠেছে শহরের বুকে গ্রামবাংলার শীতকালীন ঐতিহ্যের এক ছোট্ট প্রতিচ্ছবি।
প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক আরও গভীর করা এবং শহরের ব্যস্ত জীবনে গ্রামীণ শীতের আনন্দ ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে নতুন মৌসুমে গ্রাহকদের স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে রস বাগিচা। শীতের সকাল, খেজুরের টাটকা রস আর গ্রামবাংলার চিরচেনা আবহ সব মিলিয়ে নতুন মৌসুমের অপেক্ষায় এখন উদ্যোক্তা থেকে শুরু করে রসপ্রেমীরাও।




















(27)-20261113144402.jpg)
(22)-20261113124400.jpg)
(12)-20261108104635.jpg)


(20)-20261112072127.jpg)





(18)-20261110062943.jpg)









আপনার মতামত লিখুন :