নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার দ্রুত ও সুষ্ঠু বিচার দাবি করেছেন।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক শওকত আলী ত্বকী হত্যাকান্ডের উপর একটি লেখা প্রকাশ করেন।
সেই লেখাটি এমপি আবদুল্লাহ আল আমিন তার নিজ ফেইসবুক ওয়ালে শেয়ার করে লিখেন, দ্রুততম সময়ে ত্বকী হত্যার সুষ্ঠু বিচার চাই।
শওকত আলী লিখেন, বিচারহীনতার ১৩ বছর! ২০১৩ সালের আজকের দিনে ত্বকীকে নির্মমভাবে হত্যা করা হয়। নারায়ণগঞ্জের কুখ্যাত ওসমান পরিবারের জড়িত থাকার সমস্ত তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও বিচার হয়নি। ইন্টারিম সরকারের দেড় বছরে কিছু অগ্রগতি হলেও পরবর্তীতে সেই সরকার ও বিচার করতে পারেনি। আজ ১৩ বছর পরও প্রতি মাসের ৮ তারিখ শহীদ মিনারে নিয়মিত প্রতিবাদ করছেন ত্বকীর বাবা রফিউর রাব্বি ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন ও ব্যক্তিত্ববৃন্দ। আজকের দিনের প্রত্যাশা, যেন ন্যায় বিচার নিশ্চিত হয়।
২০১৪ সালের ৫ মার্চ র্যাব ত্বকী হত্যা মামলার বিষয়ে সংবাদ সম্মেলনে জানায়, আজমেরী ওসমানের নেতৃত্বে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছে। র্যাবের ভাষ্য অনুযায়ী, ২০১১ সালের সিটি করপোরেশন নির্বাচনে মেয়র সেলিনা হায়াৎ আইভীর পক্ষে অবস্থান নেওয়া এবং চাঁদাবাজি ও ভূমি দখলের বিরুদ্ধে ত্বকীর বাবা রফিউর রাব্বি মানুষকে সংগঠিত করার কারণে শামীম ওসমান ও তার অনুসারীরা ক্ষুব্ধ হন। এইই কারণেই হত্যাকাণ্ড সংঘটিত হয়।



































আপনার মতামত লিখুন :