News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৭ মার্চ, ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

ঐক্যবদ্ধভাবে কাজ করলে ফতুল্লায় মাদক সন্ত্রাস নির্মূল হবে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ১০:৫৯ পিএম ঐক্যবদ্ধভাবে কাজ করলে ফতুল্লায় মাদক সন্ত্রাস নির্মূল হবে

সকল সামাজিক সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করলে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন করা সম্ভব বলে মন্তব্য করেছেন মাওলানা আবদুল জব্বার।

তিনি ৬ মার্চ শুক্রবার বিকালে ফতুল্লার দেলপাড়া আপ্যায়ন কমিউনিটি সেন্টারে ফতুল্লার বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, মাদক ও সন্ত্রাস শুধু ব্যক্তি বা পরিবারকেই ধ্বংস করে না, বরং একটি জাতির ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। তাই এ ভয়াবহ সামাজিক ব্যাধি নির্মূলে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। পাশাপাশি তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় সংগঠনসহ সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়াতে পারলে সমাজে অপরাধ প্রবণতা অনেকাংশে কমে আসবে।

অনুষ্ঠানের সভাপতি মো. মারুফুল ইসলাম বলেন, সমাজে শান্তি, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হলে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি করতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। তিনি আশা প্রকাশ করেন, সবাই একসাথে কাজ করলে অচিরেই একটি নিরাপদ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাইদ মুন্না ও জেলা কর্ম পরিষদ সদস্য আব্দুল মজিদ মিয়াজীর উপস্থিতিতে সামাজিক সংগঠন অংশগ্রহন করেন।