News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৭ মার্চ, ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

দেওভোগে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ১০:৩৩ পিএম দেওভোগে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় একটি বাসায় তিতাস গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎শুক্রবার (৬ মার্চ) রাত ৮ টায় শহরের পশ্চিম দেওভোগ এলাকায় আরমান মিয়ার মালিকানাধীন একটি তিনতলা ভবনের নিচতলায় ঝুটের গুদামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, ভবনটির নিচতলায় একটি ঝুটের গুদাম রয়েছে। প্রতিদিনের মতো সেখানেই কাজ করছিলেন শ্রমিকেরা। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে নিচতলার দেয়ালের বেশ কিছু অংশ, দরজা ও জানালার অংশ ধসে পড়ে এবং চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে।

 গুরুতর আহত হন ঝুট ব্যবসায়ী শিপন, তার কর্মচারী লিটন এবং  একই বাড়ির ভাড়াটিয়া ছগির। বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শিপন ও লিটনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

‎‎বিস্ফোরণের তীব্রতায় আশপাশের অন্তত চারটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়িগুলোর জানালার কাঁচ ভেঙে পড়ে এবং দেয়ালের কিছু অংশ ফেটে যায়। বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হয়ে আসেন।

‎‎প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের আগে ওই এলাকায় গ্যাসের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছিল। কিছুক্ষণ পরেই হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে পুরো এলাকায় ধোঁয়া ও ধুলায় আচ্ছন্ন হয়ে যায়।

‎খবর পেয়ে মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিস্ফোরণের কারণ অনুসন্ধান শুরু করে।

‎মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিতাস গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে গুদামের ভেতরে গ্যাস জমে ছিল। পরে কোনোভাবে আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণ ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

‎তিনি আরও জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। পাশাপাশি ভবনের গ্যাস সংযোগ ও পাইপলাইনের অবস্থা পরীক্ষা করা হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।