News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৭ মার্চ, ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

এবিএম সিরাজুল মামুনের উদ্যোগে মাসজুড়ে ফ্রী ইফতার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ১০:৪৬ পিএম এবিএম সিরাজুল মামুনের উদ্যোগে মাসজুড়ে ফ্রী ইফতার

নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকার কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণে রমজান মাসজুড়ে চলমান রয়েছে ফ্রী ইফতার। যেখানে পথচারী থেকে শুরু করে রিকশাচালক, দিনমজুর, পথশিশু, ভিক্ষুক ও অসহায় মানুষজন এসে যুক্ত হন। ইফতারের সময় যাদের বাসায় ফেরার সুযোগ থাকে না তারাও এসে যুক্ত হন এই ফ্রী ইফতারে। আর এই ইফতার আয়োজনের মূল উদ্যোক্তা হচ্ছেন এবিএম সিরাজুল মামুন।

তার আর্থিক সহযোগিতায় মাহে রমজানের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত এই ফ্রী ইফতার চলমান থাকবে। গত দুই বছর ধরেই তাদের এই কার্যক্রম চলমান রয়েছে। এবিএম সিরাজুল মামুন এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে ১১ দলীয় জোটের পক্ষে খেলাফত মজলিসের দেয়াল ঘড়ি প্রতীকে অংশ নিয়েছিলেন।

কিন্তু তিনি জয়ী হতে পারেননি। এই আসনে জয় ১৩ হাজার ৬০৩ ভোটে বিজয়ী হয়েছেন অ্যাডভোকেট আবুল কালাম। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৭৯৯ ভোট এবং দেওয়াল ঘড়ি প্রতীকে এবিএম সিরাজুল মামুন পেয়েছেন ১ লাখ ১ হাজার ১৯৬ ভোট।

তবে এবিএম সিরাজুল মামুন পরাজিত হয়েও তার সামাজিক কার্যক্রম অব্যাহত রেখেছেন। তারই অংশ হিসেবে জামতলা এলাকার কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণে ফ্রী ইফতার চালু রেখেছেন। প্রতিদিন সন্ধ্যা হওয়ার আগেই ইফতারের প্রস্তুতি শুরু করে দেয় একদল যুবক। তারা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে কাজ করেন। ইফতার পরিবেশনের কাজগুলো করেন তারাই।

সেই সাথে প্রতিদিন প্রায় ১৫০ থেকে ২০০ নারী পুরুষ এই এই ইফতারে অংশগ্রহণ করে থাকেন। আর তাদের বেশিরভাগই নিম্নশ্রেণির মানুষ। যাদের নিয়মিত খাবার জুটে না। প্রতিদিন বিকেল হলেই তারা ঈদগাহ প্রাঙ্গণে ভীড় করতে থাকেন। সেই সাথে তারা ইফতারের সময়ে জমায়েত হয়ে ইফতার গ্রহণ করেন।

ইফতার কার্যক্রমের পরিচালক মো. সালেহীন বলেন, আমরা প্রতিবছরই পথচারী ভাইদের জন্য এই আয়োজন করে থাকি। আমাদের এখানে রিকশাচালক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন অংশগ্রহণ করেন। প্রতিদিন প্রার্থী ১৫০ থেকে ১৭০ জন অংশগ্রহণ করে থাকে। আমাদের এই আয়োজনের মূল্য উদ্যোক্তা হলেন এবিএম সিরাজুল মামুন। তার আর্থিক সহযোগিতায় এই আয়োজন হয়ে থাকে।

ইসলামী যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মোতাহার হোসেন বলেন, আর্তমানবতার সেবায় আমাদের এই ইফতারের আয়োজন করা হয়ে থাকে। পথচারী, ছিন্নমূল এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য এই ইফতার আয়োজন। যাদের অনেকের হয়তো একবেলা ভাত জুটে না। পাশাপাশি অন্যান্য শ্রেণি পেশার মানুষজন আমাদের ইফতারে অংশগ্রহণ করে থাকেন।

এ বিষয়ে এবিএম সিরাজুল মামুন- রমজানে সামর্থ্যহীনদের ইফতার করানোর ব্যাপারটা আমাদের নতুন কোনো কর্মসূচী নয়। প্রায় ত্রিশ বছরেরও অধিক সময় ধরে আমরা প্রতি বছরই রমজানের শুরুতেই পাঁচ-সাতশো পরিবারে ইফতার সামগ্রী পৌঁছে দেই। দুবছর ধরে ঈদগাহ মাঠে উন্মুক্ত ইফতারের পোগ্রামটিও এর সাথে যুক্ত হয়েছে। এটি ইসলামী যুব মজলিস বাস্তবায়ন করছে। এবারও প্রায় পাঁচ হাজার পরিবারে ৫০ লক্ষ টাকার ইফতার ও ঈদসামগ্রী উপহার দেওয়ার কাজ চলমান আছে। বিভিন্ন ব্যবসায়ী ভাইয়েরা আমাদের এই কাজে সহযোগিতা করে থাকেন।