গত কয়েকবছর ধরেই পুরো রমজান মাসজুড়ে নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকার কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণে আয়োজন করা হচ্ছে মুক্ত ইফতার। প্রথম রমজান থেকে শুরু হয় একবারে শেষ রমজান পর্যন্ত একদল তরুণ-তরুণীর উদ্যোগে এই আয়োজন চলে।
যেখানে পথচারী থেকে শুরু করে রিকশাচালক, দিনমজুর, পথশিশু, ভিক্ষুক ও অসহায় মানুষজন এসে যুক্ত হন। ইফতারের সময় যাদের বাসায় ফেরার সুযোগ থাকে না তারাও এসে যুক্ত হন এই মুক্ত ইফতারে। ‘মুক্ততরী’ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে একদল তরুণ-তরুণীর উদ্যোগে এ ইফতারের আয়োজন করা হয়ে থাকে।
তাদের এই আয়োজনে প্রতিদিন তৃপ্তিভরে ইফতার করতে পারছেন অন্তত দেড়শ মানুষ। প্রতিদিন সন্ধ্যা হওয়ার আগেই ইফতারের প্রস্তুতি শুরু করে দেয় একদল তরুণ-তরুণী। তারা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে কাজ করেন। প্লেট পরিষ্কার, ফল কাটা, শরবত তৈরি এবং ইফতার পরিবেশনের কাজগুলো করেন তারাই।
স্বেচ্ছাসেবী পুস্পিতা সাহা বলেন, ২০২২ সাল থেকে আমাদের এই কার্যক্রম চলে আসছে। শুরুতে আমরা শিক্ষার্থী ছিলাম। এখন আমরা সকলেই বিভিন্ন কর্মে যুক্ত আছি। আমরা প্রতিদিন যার যার কাজ শেষ করে সন্ধ্যায় এই ইফতারে যুক্ত হয়ে আয়োজন সম্পন্ন করে থাকি। প্রথম রমজান যখন শুরু করি তখন আমাদের হাত শূণ্য থাকে। তারপর একে একে সকলেই সহযোগিতা করে থাকেন। আর সকলের সহযোগিতায় আমাদের এই কার্যক্রম।
স্বেচ্ছাসেবী সংগঠন মুক্ততরীর প্রতিষ্ঠাতা জয় দত্ত বলেন, প্রথম রমজান থেকে শুরু করে ৩০ রমজান পর্যন্ত আমাদের এ আয়োজন চলে। আমাদের এখানের প্রায় ৪০ জন সদস্য আছি। তাদের মধ্যে একেকজন একেক দিন এই ইফতারের খরচ বহন করে থাকেন। আবার মাঝে মধ্যে আমাদের বাহিরের কেউ নিজ উদ্যোগে এখানে সহযোগিতা করে থাকেন।
তিনি আরও বলেন, আমাদের এখানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সকলেই একসাথে বসে ইফতার করে থাকেন। যারা ক্ষুধার্ত থাকেন তারা এসে যুক্ত হয়ে থাকে।



































আপনার মতামত লিখুন :