News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

সিদ্ধিরগঞ্জে পুলিশের মোটরসাইকেল চুরি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৬:০১ পিএম সিদ্ধিরগঞ্জে পুলিশের মোটরসাইকেল চুরি

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৫ এপ্রিল) রাতে সিদ্ধিরগঞ্জের ৭ নং ওয়ার্ডের আদমজী কদমতলি এলাকায় এ ঘটনা ঘটে।

‎‎ভুক্তভোগী পুলিশ সদস্য পল্লব চন্দ্র পন্ডিত জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ৭ নং ওয়ার্ডের আদমজী কদমতলি এলাকার ১০ তলা ভবনে ফিরোজ মিয়ার বাসার পার্কিংয়ে রাখা তার ব্যবহৃত এফজেড ভার্সন-২ মডেলের মোটরসাইকেলটি রাত ১০টা থেকে ভোর ৬টার মধ্যে যেকোনো সময় অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায়।

‎জানা যায়, পল্লব চন্দ্র পন্ডিত সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত রয়েছেন এবং পরিবারসহ থানার পাশেই ওই বাসায় ভাড়া থাকেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মোটরসাইকেল উদ্ধারে পুলিশের অভিযান চলমান রয়েছে। পাশাপাশি চোর শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে।

‎পুলিশ জানায়, এ ধরনের চুরি রোধে বাসাবাড়ির পার্কিংয়ে নিরাপত্তা জোরদার এবং সিসিটিভি নজরদারি বাড়ানোর জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান ওসি।