News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

বিএনপি ক্ষমতা পাইছে রানা আমার পোলারে গুম করছে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ১০:৪১ পিএম বিএনপি ক্ষমতা পাইছে রানা আমার পোলারে গুম করছে

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা ও তার অনুসারীদের বিরুদ্ধে শুভ নামে একযুবককে অপহরণ করে হত্যা করেছে বলে অভিযোগ করছেন তার মা মাকসুদা বেগম। গত ২৯ মার্চ সন্ধ্যায় ফতুল্লার ইসদাইর রেললাইন এলাকা থেকে অপহরণের শিকার হন ২১ বছর বয়সী যুবক শুভ। সে পূর্ব ইসদাইর রসুলবাগের ঝুট ব্যবসায়ী মো. সোহেলের ছেলে।

গত ২৯ মার্চের পর থেকেই শুভর সন্ধান পাওয়া যাচ্ছে না। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন শুভর মা মাকসুদা বেগম। তিনি সাখাওয়াত ইসলাম রানীকে দায়ী করার পাশাপাশি পুলিশের বিরুদ্ধে দায়িত্ব অবহেলারও অভিযোগ করছেন।

শুভর মা মাকসুদা বেগম কান্না করতে করতে বলেন, ‘সবাই কইছে আমার পোলারে আইনা দিবো। সবাই আপনার পোলায় সেইফমতো আছে। আপনার পোলার ট্রিটমেন্ট চলতেছে। আমরা খবর পাইছি রানা মিয়ার কাছেই আছে। এটি কইছে পুলিশে। এরপর আমাদের কাছ থেকে মামলা নিছে দুইদিন পর। একদিন কইলে মামলার কাগজ জমা দিয়েন না; আমরা রানার লগে কথা কইতাছি। আপনার ছেলেরে আইনা দেয়ার ব্যবস্থা করতাছি যেমনিই হোক। আগেই এটা সাংবাদিকের কাছে দিয়েন না। এরপর মিলন ফকিরে এক সাংবাদিকের নাম দিছে ভরাইয়া এই মামলার কাগজের মধ্যে। যাতে কোনো সাংবাদিক আমার নিউজ না ছাপে। যে সাংবাদিকের নাম দিয়েছে এই সাংবাদিকের নামও জানি না। আমি জানি চিনি না। কেন এই নাম দিলো? তারা সব জানে।’

তিনি আরও বলেন, ‘আমি রানার বিচার চাই। আমার পোলারে চাই। রানারে আমার পোলা ধাওয়া করেছিলো সব অফিসাররা জানে। অফিসারের সামনে মিলন ফকিরের ফোনে আমি রানারে কইছি তোমারে আমার পোলা ধাওয়া করছে আমার পোলারে বের করে দাও। আমি মামলা করবো না। তারপর মিলন ফকিরে কইছে আমরা কথা কইতাছি যে কোনো মাধ্যমে আপনার ছেলেরে বের করে দিবো। যান আপনার ছেলেরে পাইবেন। বেশি কথা কইয়েন না। কথা কইলে আপনার ছেলেরে পাইবেন। আমি কইছি আমার পোলারে সন্ধান না দেন আমি এমপি সাবের কাছে যাবো। তারা কই এমপি সাবেরে কোলে করে লইয়ে বইয়ে থাকেন। আপনার পোলারে বের করে আনেন।’

মাকসুদা বেগম বলেন, ‘বিএনপি এখন নতুন আইছে; এর মধ্যে যদি আমার পোলারে গুম করে আমি এটা মানবো না। আমি মানবো না। বিএনপি ক্ষমতা পাইছে দেখে রানা এটা করবো? আমরা রানার ফাঁসি চাই। পুলিশে কইছে আপনারা পোলারে পাইলেই হয়েছে। আমি বিচার চাই।’

এদিকে, গত ১ এপ্রিল ফতুল্লা মডেল থানায় শুভর অপহরণের অভিযোগে মামলা রেকর্ড করা হয়। ওই মামলায় মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানাকে প্রধান আসামি করে আরও ১০ জনকে অভিযুক্ত করেন শুভর মা মাকসুদা বেগম। মামলার পর পুলিশ তিনজনকে গ্রেপ্তার করতে পারলেও শুভর সন্ধান দিতে পারছে না পুলিশ।