News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৩ এপ্রিল, ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

সাজার মুখোমুখি হচ্ছেন ওসমানরা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ১০:৩৬ পিএম সাজার মুখোমুখি হচ্ছেন ওসমানরা

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে ইমতিনান ওসমান অয়ন ওরফে অয়ন ওসমানের অস্ত্র উঁচিয়ে গুলি বেশ আলোচিত ছিলো। সেই সাথে তিনিও এ নিয়ে বেশ গর্ববোধ করছিলেন বিভিন্ন জায়গায়। একই সাথে তার ভাতিজা আজমেরী ওসমান শোডাউন ও মহড়ার মাধ্যমে নিজেকে জানান দিয়ে আসছিলেন। সবমিলিয়ে শামীম ওসমান সহ তার অনুসারীরা বেশ আলোচিত হয়ে পড়েছিলেন।

কিন্তু ২০২৪ সালের জুলাই আন্দোলনে শেষ পর্যন্ত শামীম ওসমান সহ তাদের অনুসারীরা টিকে থাকতে পারেনি। তাদেরকে মাঠ ছেড়ে দেশ ছেড়ে পালাতে হয়। সেই সাথে আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় একের পর এক মামলা দায়ের করা হয়। এসকল মামলায় এবার তারা সাজার মুখোমুখি হতে যাচ্ছেন। তাদের বিরদ্ধে বিচার কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান সহ তাদের অনুসারীদের আত্মসমর্পন করার নির্দেশনা প্রদান করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ এস এম রুহুল আমিন স্বাক্ষরিত এক নোটিশে এই নির্দেশনা প্রদান করা হয়েছে।

নোটিশে নির্দেশনাপ্রাপ্ত নেতারা হলেন- নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, ছেলে ইমতিনান ওসমান অয়ন ওরফে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, ছেলে অয়ন ওসমানের শ্যালক মো. মিনহাজ উদ্দিন আহম্মদ ওরফে ভিকি, শামীম ওসমানের শ্যালক তানভীর আহম্মেদ টিটু, রাজু আহম্মেদ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আব্দুল করিম ওরফে বাবু ওরফে মাউরা ওরফে ডিসবাবু, ১৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. কামরুল হাসান মুন্না, মহানগর যুবলীদের সভাপতি মো. সাহাদাত হোসেন সাজনু, মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম উদ্দিন আহম্মেদ, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান ওরফে শুভ্র।

নোটিশে বলা হয়েছে- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কর্তৃক দাখিলকৃত 'ফরমাল চার্জ' বিবেচনায় ট্রাইব্যুনাল অভিযুক্ত ব্যক্তিগণের বিরুদ্ধে বর্ণিত অপরাধসমূহ আমলে গ্রহণ করিয়াছেন এবং যেহেতু, অত্র ট্রাইব্যুনালের বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। সেই সাথে ট্রাইব্যুনাল কর্তৃক ট্রাইব্যুনালের কার্যপ্রণালী বিধিমালার বিধি অনুসারে অভিযুক্ত ব্যক্তিগণের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি সত্ত্বেও তারা পলাতক রয়েছে বা গ্রেফতার এড়ানোর জন্য আত্মগোপন করেছেন।

তাই আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল-১) কার্যপ্রণালী বিধিমালার বিধি অনুসারে তাদেরকে আগামী ৭ এপ্রিল ট্রাইব্যুনালে আত্মত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া গেল। অন্যথায় বিধি অনুসারে তাদের অনুপস্থিতিতে বিচারকার্য সম্পন্ন হবে।

জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই চাষাড়ার বঙ্গবন্ধু সড়কে শামীম ওসমানের নেতৃত্বে সন্ত্রাসীদের আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করার ভিডিও ভাইরাল হয়েছিলো। যে ভিডিওতে দেখা যায়, শামীমের বাহিনী আগ্নেয়াস্ত্র হাতে একের পর এক গুলি ছুড়ছে। শামীমের শ্যালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক তানভীর আহমেদ টিটুকেও গুলি ছুড়তে দেখা গেছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শামীম ওসমান ও তার বাহিনী অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে বঙ্গবন্ধু সড়ক দিয়ে শহরের ডিআইটি এলাকার দিকে এগিয়ে যাচ্ছে। এ সময় তার শ্যালক বিসিবির পরিচালক তানভীর আহমেদ টিটু মিছিলের সামনে অবস্থান করে হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে করতে এগিয়ে যাচ্ছেন।

শামীম ওসমানের পেছনে পেছনের সারিতে পিস্তল হাতে ছিলেন শামীম ওসমানের বেয়াই ফয়েজ উদ্দিন লাভলু ও তার ছেলে মিনহাজুল ইসলাম ভিকি। এ সময় তাদেরও গুলি ছুঁড়তে দেখা যায়।

সন্ত্রাসীদের মতো নির্বিচারে গুলি করা গ্রুপটিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়াডের্র কাউন্সিলর আব্দুল করিম বাবু ও তার ছেলে রিয়ানকেও দেখা গেছে। শামীম ওসমানের ঘনিষ্ঠ অনুচর ব্যবসায়ী অনুপম কুমার সাহা, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনুসহ অসংখ্য ব্যক্তির হাতেও অস্ত্র ছিল।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, ভিডিওতে না আসলেও সেদিন শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজামও গুলি চালিয়েছেন। অস্ত্রের মহড়ায় ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, ছাত্রলীগ নেতা আহম্মেদ কাউসার, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাইল রাফেল প্রধান, মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সম্রাট, সাধারণ সম্পাদক রাসেল প্রধানও।