News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

ওসমানী স্টেডিয়ামে পাম্প বিকল, ধূলাবালিতে ফুটবলারদের ভোগান্তি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ১০:১০ পিএম ওসমানী স্টেডিয়ামে পাম্প বিকল, ধূলাবালিতে ফুটবলারদের ভোগান্তি

নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে পানি উত্তোলনের মোটর পাম্প গত চার দিন ধরে বিকল থাকা মাঠে সেচ কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে মাঠজুড়ে বাতাসে ধুলাবালি উড়ছে। এতে খেলোয়াড়দের অনুশীলন ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরী হয়েছে। এতে বিপাকে পড়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগে অংশগ্রহণকারী দল শুকতারা যুব সংসদ। তাদের প্র্যাকটিস কার্যক্রম ব্যাহত হচ্ছে। 

সরেজমিনে দেখা গেছে, গত চারদিন ধরে ওসমানী পৌর স্টেডিয়ামের পানি উত্তোলনের পাম্প নষ্ট থাকায় নিয়মিত পানি না দেওয়ায় মাঠ শুকিয়ে গেছে। সামান্য বাতাসে ধুলাবালি উড়ে চারপাশ ঢেকে ফেলছে। বিশেষ করে বিকেলে অনুশীলনে নামা খেলোয়াড়দের ধুলার মধ্যে দৌড়াতে হচ্ছে, এতে শ্বাসকষ্টসহ নানা শারীরিক সমস্যার আশঙ্কা তৈরি হয়েছে।

এই স্টেডিয়ামেই নিয়মিত অনুশীলন করে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগে অংশ নেওয়া নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শুকতারা যুব সংসদ ক্লাব। পাম্প বিকল থাকায় দলটির প্রস্তুতিও ব্যাহত হচ্ছে। 

দলের খেলোয়াড়র আরিফ হাওলাদার জানান, ধুলাবালির কারণে ঠিকভাবে দৌড়ানো ও বল নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। এতে আমাদের পারফরম্যান্সেও প্রভাব পড়ছে।

একাধিক খেলোয়াড় জানান, মাঠে পানি না থাকায় ধুলা এত বেশি উড়ছে যে অনুশীলনের সময় শ্বাস নিতে কষ্ট হয়। অনেক সময় চোখেও ধুলা ঢুকে যায়। এমন পরিস্থিতি চললে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। 

শুকতারা ক্লাবের ব্যবস্থাপক সেলিম মিয়া জানান, গত চারদিন ধরে মাঠের পাম্প নষ্ট থাকায় খেলোয়াড়দের অনুশীলন ব্যাহত হচ্ছে। মাঠে পানি না দিলে খেলোয়াড়দের প্র্যাকটিস করা কঠিন হয়ে পড়বে। দ্রুত পানি উত্তোলনের পাম্পটি সচল করা জরুরী। 

স্টেডিয়াম সংশ্লিষ্ট সূত্রে জানায়, পানি উত্তোলনের মোটর পাম্পটি হঠাৎ করে বিকল হয়ে পড়ে। এতে মাঠে পানি দেওয়া সম্ভব হচ্ছে না। 

ক্রীড়া সংশ্লিষ্টরা মতে, জেলার গুরুত্বপূর্ণ স্টেডিয়ামের এমন অবস্থা দুঃখজনক। দ্রুত পাম্প মেরামত করে মাঠের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা জরুরি। অন্যথায় খেলোয়াড়দের অনুশীলন ও আসন্ন প্রতিযোগিতার প্রস্তুতি মারাত্মকভাবে ব্যাহত হবে।