News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

নারায়ণগঞ্জ শহর চকচকে ঝকঝকে হবে : সাখাওয়াত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৭:৪৪ পিএম নারায়ণগঞ্জ শহর চকচকে ঝকঝকে হবে : সাখাওয়াত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, নারায়ণগঞ্জকে বসবাসযোগ্য চকচকে ঝকঝকে শহরে পরিণত করবো। আগামী ২ বছরে সিটির দৃশ্য বদলে যাবে। গত ২০ বছরে যে উন্নয়ন না হয়েছে আগামীতে তার চেয়ে বেশী হবে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন সেই উন্নয়নে তিনি আমাদের সাপোর্ট দিবেন। এ সরকার যে ভাল সরকার এটা আমাদের কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। কথা বললে হবে না।

বুধবার (১৫ এপ্রিল) শহরের নিতাইগঞ্জ পাইকারী আড়তে বাংলা নববর্ষের হালখাতায় হিন্দু মুসলিম ব্যবসায়ীদের সাথে মতবিনিময় কালে একথা বলেন তিনি।

সাখাওয়াত বলেন, আগের মেয়ররা ঠিকমত কাজ করেনি। ঢাকা শহরের দুই সিটিতে মাত্র ২০ হাজার অটোরিকশার অনুমোদন দেয়া হয়েছে। আর এই নারায়ণগঞ্জ এতটুকু শহরে ১৭ হাজারের বেশি অটোরিকশার অনুমোদন দেয়া হয়েছে। এই ভার শহর নিতে পারছে না।

তিনি বলেন, ইতোমধ্যে আমরা ফুটপাত হকার মুক্ত করতে কর্মসূচি নিয়েছি। সামনে অন্যান্য সড়কগুলোতেও আমরা করবো। পাশাপাশি যানজট নিরসনে ও অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণে আমরা ব্যাবস্থা নিব।

তিনি বলেন, আমরা নতুন রাস্তা তৈরি করবো। পাশাপাশি পুরাতন রাস্তাগুলো ঠিক করবো। আমাদের পানির সমস্যা সমাধানে আমরা নানান উদ্যোগ নিচ্ছি। ব্যাবসায়ীরা ঢাকা চলে যায় সন্তানদের পড়াশোনা করানোর জন্য কারণ এখানে মানসম্পন্ন স্কুল নেই। আমরা এইমাত্র কথা বলে আসলাম চায়নিজ ম্যানেজমেন্টের মাধ্যমে এখানে একটি হাসপাতাল করা যায় কীনা। আপনারা দোয়া করবেন। আমরা যেন কথা নয় কাজে প্রমাণ করতে পারি।