News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

এস আলমের কর্মচারী রাষ্ট্রপতি, ১০ টা বাটপার এক হলে ব্যাংক করে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৯:৫৫ পিএম এস আলমের কর্মচারী রাষ্ট্রপতি, ১০ টা বাটপার এক হলে ব্যাংক করে

সিনিয়র অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, ব্রিটিশরা যখন চারজন লোক এক জায়গায় হয় তখন তারা একটা ক্লাব করে। আর বাংলাদেশে আমার মনে হয় যখন ১০ টা বাটপার এক জায়গা হলে একটা ব্যাংক করে। এক ব্যাংকের ঋণখেলাপী অন্য ব্যাংকের পরিচালক। আইনগুলো এমনগুলো করা হচ্ছে নির্দিষ্ট কোনো পরিবারের লোক ছাড়া ব্যাংক করতে পারবে না। যার কারণে অনেকগুলো দেউলিয়া হয়ে গেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকার বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন। এদিন স্কুলের এসএসসি পরীক্ষার্থীর বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদের আয়োজন করা হয়। তিনি এই স্কুলের প্রতিষ্ঠাতা।

অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, ব্যাংকের টাকা এখন নিরাপদ নয়। আগের মানুষের আস্থার জায়গা ছিলো ব্যাংক। বর্তমান অর্থমন্ত্রী বলেছেন বাংলাদেশের ২০ টি দেউলিয়া কোম্পানীর কাছে প্রায় ৭০০ লক্ষ কোটি টাকা জনগণের পাওনা। বিদেশে এই টাকাটা মানি লন্ডারিং হয়ে গেছে। ২০ টি কোম্পানীর মধ্যে ১১টিই এস আলমের কোম্পানী। এই এস আলমরা ব্যাংক লুট করেছে।

তিনি আরও বলেন, এখন এসআলম নেই; কিন্তু তারা যে ফিরে আসবে না এটার নিশ্চয়তা নেই। এস আলমের কর্মচারী হলো বাংলাদেশের রাষ্ট্রপতি। সে হিসেবে স্কুলের টাকা ব্যাংকে না রেখে সম্পদ বৃদ্ধি করেন। এই সম্পদ একসময় কাজে আসবে।

বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা বেগম রত্মার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, মুসলিম একাডেমির পরিচালক মো. আব্দুল হালিম ও ইয়াসির আরাফাত প্রমুখ।