News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

সোনারগাঁয়ে তিনদিন ব্যাপী বউ মেলা শুরু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ১০:০২ পিএম সোনারগাঁয়ে তিনদিন ব্যাপী বউ মেলা শুরু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী আদি বটবৃক্ষকে কেন্দ্র করে বউমেলা অনুষ্ঠিত হয়েছে। এ মেলাকে সনাতন ধর্মালম্বীর অনেকে সিদ্ধেশ্বরী দেবীর মেলা ও বটবৃক্ষকে সিদ্ধেশরী দেবী বলে আখ্যায়িত করেন। পুরানো এ বটবৃক্ষকে কেন্দ্র করে যুগ যুগ ধরে পালিত হচ্ছে এ বউ মেলা।

বৈশাখের দ্বিতীয় দিন বুধবার (১৫ এপ্রিল) থেকে উপজেলার ভট্টপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে জয়রামপুর গ্রামে শুরু হয়েছে এ বউমেলা।

জানা গেছে, পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রতি বছর ঐতিহাসিক বউ মেলা বসে। তারই ধারাবাহিকতায় আজ সকাল থেকে দুপুর পর্যন্ত সিদ্ধেশ্বরী বটতলার পদতলে হিন্দু সম্প্রাদায়ের শত শত নারী-পুরুষ পহেলা বৈশাখের এ পূজায় অংশগ্রহণ করেন।

স্থানীয় হিন্দু ধর্মালম্বীরা জানান, তাদের কাছে এ বটবৃক্ষটি হয়ে উঠেছে পুণ্যের দেবতা। তাই হিন্দু সম্প্রদায়ের কাছে বটবৃক্ষটি সিদ্ধেশ্বরী দেবতা নামে পরিচিত। বিশেষ করে এই ধর্মের নারীরা সারা বছর অপেক্ষায় থাকেন সিদ্ধেশ্বরী কালী তলার এ বউ মেলার জন্য। এ বিশ্বাসেই এখানে বউ মেলা অনুষ্ঠিত হয়। ভরা বৈশাখী ফলের ভোগ নিয়ে দলে দলে হিন্দু নারীরা হাজির হয় এই বউ মেলায়। পাশাপাশি তাদের দেবতার সন্তুষ্টির জন্য কবুতর উড়ানো ও পাঁঠা বলিও দেওয়া হয়। তাদের ভাষ্য, স্বামী সংসারের বাঁধন যেন অটুট থাকে এবং সারা বছর সুখ শান্তিতে দাম্পত্য জীবন কাটার কামনাতেই পূজার আয়োজন করা হয়।

দেখা গেছে, সকাল থেকে বউমেলায় অংশগ্রহনকারীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বটতলার বউমেলা। আয়োজনে অংশগ্রহণকারীদের সংখ্যা পুরুষের তুলনায় অধিকাংশ নারী। নারীদের হাতে তরমুজ,কলা আম, শশা, বাঙ্গিসহ বিভিন্ন মৌসুমী ফল নিয়ে লাইন ধরে বটবৃক্ষ তলে ভোগ দিয়ে পুজা আর্চনা করেন। মৌসুমী ফলের স্তুপ পড়ে যায় বট তলায়।

এছাড়াও মেলায় দারু ও মৃৎ শিল্পীদের তৈরী নানা রংঙের নানা বর্ণের টেপা পুতুল, হাতি, ঘোড়া, ময়না, টিয়া, বাঘ-ভাল্লুক, হাঁড়ি পাতিল থেকে শুরু করে মন্ড-মিঠাইয়ের দোকান বসে।

পূজা দিতে আসা অনামিকা রানী দাস জানান, সংসারের সুখ শান্তি ও স্বামী সন্তানের মঙ্গল কামনায় সিদ্ধেরশরী বটতলায় এ মেলায় এসে পুজা করতে এসেছি। বড়দের কাছ থেকে শুনেছি এ মেলায় এসে পুজা আর্চনায় স্বামী সন্তান ও সংসারের কল্যাণ কামনায় সফল হয়। তাই এ মেলায় এসেছি।

পূজা দিতে আসা আরেক গৃহবধূ রানী শীল বলেন, সিদ্ধেরশরী বটতলায় পুজা করলে বছরের প্রতিটা দিনই সংসারে সুখ ও সমৃদ্ধিতে পরিপূর্ন থাকে। সুখ ও সমৃদ্ধির আশায় প্রতি বছর এ মেলায় পূজা দিয়ে থাকি।

বউ মেলা আয়োজক কমিটির সভাপতি নিলোৎপল রায় বলেন, নতুন বছর সবার জীবনে মঙ্গল বয়ে আনুক এ আহ্বানের মধ্য দিয়ে এবারও বর্ষবরণ উৎসবে তারা সিদ্ধেশ্বরী কালী পূজার আয়োজন করেছেন। বউ মেলায় আশপাশের হিন্দু সম্প্রদায়ের নারীর পাশাপাশি যুবতী ও পুরুষরা অংশ নিয়েছেন। সকলের সহযোগিতায় এ বউ মেলায় পুজা অনুষ্ঠান শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়।