বগুড়া থেকে কেনা ৪ লাখ ২৫ হাজার টাকা মূল্যের দুটি গাভী ও দুটি বাছুর নিয়ে প্রতারণার মাধ্যমে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ট্রাকচালক ও দুই গরু দালালের বিরুদ্ধে। এ ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নারায়ণগঞ্জের ভুক্তভোগী কালাম মোল্লা। রোববার (২৫ মে) ভোররাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর থানাধীন বাওয়ারকুমারজানী এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদী নতুন মহল্লার বাসিন্দা কালাম মোল্লা (৬০) ও তার খালু মো. জামান (৫০) গত ২৪ মে বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে দালাল মুশিউর ও হামিদুর রহমানের মাধ্যমে দুটি গাভী ও দুটি বাছুর মোট ৪ লাখ ২৫ হাজার টাকায় ক্রয় করেন। পরে একটি ট্রাক ভাড়া করে গরুগুলো নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন তারা।
পথিমধ্যে ভোর আনুমানিক ৪টার দিকে ট্রাকটি মির্জাপুরের বাওয়ারকুমারজানী এলাকায় পৌঁছালে অভিযুক্ত মুশিউর খাবার খাওয়ার কথা বলে কালাম মোল্লা ও তার খালুকে ট্রাক থেকে নামিয়ে পাশের একটি হোটেলে নিয়ে যায়। তারা হোটেলে প্রবেশ করার পর সুযোগ বুঝে ট্রাকে থাকা গরু ও নগদ ১৫ হাজার টাকা নিয়ে চালকসহ অভিযুক্তরা দ্রুত পালিয়ে যায়।
পরে বিষয়টি টের পেয়ে ভুক্তভোগীরা চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসে। অভিযুক্তদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গরু ও অভিযুক্তদের সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তারা।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

































-20260522173818.jpg)





আপনার মতামত লিখুন :