নারায়ণগঞ্জ নগরীতে নিরাপদ, নিরবচ্ছিন্ন ও টেকসই পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে একটি আধুনিক পানি শোধনাগার স্থাপনের উদ্যোগ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুন) দুপুরে নগর ভবনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খানের সঙ্গে পাওয়ার চায়না ইন্টারন্যাশনাল এর প্রতিনিধিদলের এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় সম্ভাব্য প্রকল্প বাস্তবায়ন এবং এ বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের লক্ষ্যে উভয় পক্ষ বিস্তারিত আলোচনা করেন। সেই সাথে নগরীর ক্রমবর্ধমান পানি চাহিদা, বিদ্যমান সরবরাহ ব্যবস্থার সক্ষমতা এবং দীর্ঘমেয়াদে নিরাপদ পানির উৎস নিশ্চিত করার বিষয়গুলো আলোচনা করা হয়।
বর্তমানে নারায়ণগঞ্জ নগরীতে দৈনিক প্রায় ১২ কোটি লিটার পানির চাহিদা রয়েছে। নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি এবং অর্থনৈতিক কর্মকান্ডের সম্প্রসারণের ফলে ভবিষ্যতে এ চাহিদা বৃদ্ধি পেয়ে দৈনিক প্রায় ৫১.২ কোটি লিটারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই বাস্তবতায় নগরবাসীর জন্য নিরাপদ ও মানসম্মত পানির সরবরাহ নিশ্চিত করতে আধুনিক পানি শোধনাগার স্থাপনের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।
সভায় সম্ভাব্য প্রকল্পের কারিগরি, আর্থিক ও বাস্তবায়ন কাঠামো নিয়ে প্রাথমিক মতবিনিময় অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন যে, প্রকল্পটি বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জের পানি সরবরাহ ব্যবস্থায় একটি নতুন দিগন্তের সূচনা হবে এবং ভবিষ্যৎ চাহিদা মোকাবিলায় একটি শক্তিশালী ও টেকসই ভিত্তি গড়ে উঠবে।
সভায় উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন এবং নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম। পাওয়ার চায়না ইন্টারন্যাশনালের পক্ষে উপস্থিত ছিলেন হান কোন এবং মোহাম্মদ মকবুল হোসেন।










-20260603135648.jpg)





















আপনার মতামত লিখুন :