News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৬:২৫ পিএম বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দরের হাজীপুরে অসাবধানতাবশত উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্টে আহমদ আলী (৪০) নামে স্কুল দপ্তরির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৩ জুন) সকাল ৯টায় হাজীপুর কবরস্থান রোড এলাকায় দুর্ঘটনায় নিহত আহমদ আলী হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্থানীয় ৪নং ওয়ার্ড পূর্ব হাজীপুর এলাকার মৃত আমানুল্লাহ মেম্বারের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল সূত্রে জানা যায়, পূর্ব হাজীপুর কবরস্থান রোড এলাকার বাসিন্দা মোহাম্মদ রাজুর বাড়িতে নতুন টিউবওয়েল বসানোর কাজ চলছিল। কাজ করার একপর্যায়ে শ্রমিকরা টিউবওয়েলের লম্বা লোহার পাইপটি ওপরের দিকে তোলার চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত পাইপটি বাড়ির পাশ দিয়ে যাওয়া উচ্চভোল্টেজের বৈদ্যুতিক তারের সাথে লেগে যায়। এতে পুরো পাইপটি মুহূর্তের মধ্যে বিদ্যুতায়িত হয়ে পড়ে এবং সেখানে থাকা তিনজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর পরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে আহমদ আলীকে মৃত ঘোষণা করেন।

অন্যান্য আহতদের মধ্যে জুয়েল (২৮) ও জামান (৪৭) নামে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা উভয়ই নয়ানগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

খবর পেয়ে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে  লাশ উদ্ধার করে। পরবর্তীতে নিহত আহমদ আলীর স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি চেয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর একটি লিখিত আবেদন জানান। কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের অনুরোধের প্রেক্ষিতে পুলিশ আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে।