News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০২ জুন, ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

ট্যাগ লাগিয়ে চাঁদাবাজি, কার দিকে ইঙ্গিত যুবদল আহ্বায়কের


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ২, ২০২৬, ০৯:৩৬ পিএম ট্যাগ লাগিয়ে চাঁদাবাজি, কার দিকে ইঙ্গিত যুবদল আহ্বায়কের

দুইজন সংসদ সদস্য ও সিটি কর্পোরেশনের প্রশাসক সহ মহানগর বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে চাঁদাবাজদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।

৩১ মে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকীতে মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত খানপুর ও চাষাঢ়ায় পৃথক দুটি অনুষ্ঠানে একই আহ্বান জানিয়েছেন তিনি।

অনুষ্ঠান দুটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম ও নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদা। প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। যুবদল নেতার এমন বক্তব্যের পর শহর জুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে। আসলে তিনি কাদের ইঙ্গিত করেছেন বা কারাই যুবদলের নাম ব্যবহার করে এমন চাঁদাবাজি করছেন আর কেনই বা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করছেন না।

ওই দুটি দোয়া অনুষ্ঠানের পূর্বে সজল বলেন, যুবদলের নাম বা ট্যাগ ব্যবহার করে কারা চাঁদাবাজি, মানুষকে হুমকি-ধমকি দিচ্ছে এবং দলের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

একই সঙ্গে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা যুবদলের পরিচয় ব্যবহার করে অবৈধ কর্মকা- পরিচালনা করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

সজল বলেন, “আমরা দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। কখনো দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করিনি। কিন্তু দেখা যাচ্ছে, অনেকেই পদ নাই তারা যুবদলের ট্যাগ ব্যবহার করে বিভিন্ন এলাকায় বড় বড় সাইনবোর্ড ও বিলবোর্ড লাগিয়ে মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে এবং চাঁদাবাজি করছে। যদি আমাদের দলের কোনো নেতাকর্মী এ ধরনের কর্মকান্ডে জড়িত থাকে, তাহলে আমাদের জানাবেন। আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেব। কারা যুবদলের পরিচয় ব্যবহার করে দলের সুনাম নষ্ট করছে, তা খুঁজে বের করতে হবে। যারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক।

এ ব্যাপারে জানতে চাইলে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম বলেন, আমি কারো নাম বলবো না। আপনারা খোঁজ নিয়ে দেখেন নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে কারা যুবদলের নাম ব্যবহার করে অপকর্ম করছে। বন্দর এবং শহরে কারা এসব কাজ করছে। এর আগে আমি একাধিকবার পত্রিকায় বিবৃতি দিয়েছি, সংবাদ সম্মেলন করেও এসব কর্মকান্ডের প্রতিবাদ জানিয়েছেন। আপনারা খোঁজ নিলেই জানতে পারবেন কারা শহর এবং বন্দর সহ বিভিন্ন স্থানে নাম ব্যবহার করছে। যারা নাম ব্যবহার করছে তারা মহানগর যুবদলের কেন্দ্র ঘোষিত ৫১ সদস্যের কেউ না এবং এই ৫১ সদস্যের বাইরে কেউ যুবদলের সাইনবোর্ড ব্যবহার করতে পারবে না কেন্দ্র থেকে সুস্পষ্ট ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।