News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

খাল দূষণ দখলকারীদের আশার হুঁশিয়ারি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৯:৫৫ পিএম খাল দূষণ দখলকারীদের আশার হুঁশিয়ারি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক চলমান খাল পুনঃখনন কাজ বাধাগ্রস্ত করতে কতিপয় অসাধু ব্যক্তির অপতৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা।

২৪নং ওয়ার্ডের নবীগঞ্জের নোয়াদ্দা এলাকায় খাল খনন কাজ বাধাগ্রস্ত করা হচ্ছে এমন খবরে বৃহস্পতিবার ৯ জুলাই বিকেলে তিনি সরেজমিনে নোয়াদ্দা খাল পরিদর্শন করেন।

এ সময় তিনি সাফ জানিয়ে দিয়েছেন, সরকারি উন্নয়নমূলক কাজে বাধা দিলে বা পরিবেশের ক্ষতি করলে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

পরিদর্শনকালে দেখা যায়, খালের দুই পাশের কতিপয় বাসিন্দা খালের ভেতর ময়লা-আবর্জনা ফেলছেন এবং অবৈধভাবে পয়ঃনিষ্কাশনের লাইন সরাসরি খালে সংযোগ দিচ্ছেন। বিষয়টি নজরে আসতেই তীব্র ক্ষোভ প্রকাশ করেন আবুল কাউসার আশা।

এই খাল নারায়ণগঞ্জবাসীর সম্পদ। উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হওয়ার পরও যারা ময়লা ফেলে ও অবৈধ পাইপ সংযোগ দিয়ে খালটি দূষিত করছেন, তারা অবিলম্বে এসব বন্ধ করুন। আজ থেকে আর কোনো ছাড় দেওয়া হবে না। যদি কেউ সরকারি নির্দেশনা অমান্য করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো প্রভাব খাটিয়ে বা দলীয় পরিচয় দিয়ে পার পাওয়ার সুযোগ নেই।

তিনি আরও জানান, খনন কাজ শেষে খালের দুই পাশে ওয়াকওয়ে নির্মাণ করে এলাকাটিকে দৃষ্টিনন্দন ও সৌন্দর্যমণ্ডিত করার পরিকল্পনা রয়েছে। এলাকার পরিবেশ রক্ষা ও সৌন্দর্য বজায় রাখা প্রতিটি নাগরিকের দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন।

খাল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ২৪ নং ওয়ার্ড সচিব মো. অনিক, বিএনপি নেতা মোহাম্মদ শাহ নেওয়াজ, যুবদল নেতা রনি, বিএনপি নেতা ফেরদৌস ওয়াহিদ সুমন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মো. মুস্তাকুর রহমান, হাফেজ আইয়ুব মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী এবং এলাকার সাধারণ মানুষ।