News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

মহাসড়কে ভয়াবহ ডাকাতি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সোনারগাঁ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৮:৪৭ পিএম মহাসড়কে ভয়াবহ ডাকাতি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সংঘবদ্ধ ডাকাত চক্রের কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন জাপান প্রবাসী।

বুধবার (৮ জুলাই) রাতে মেঘনা টোল প্লাজার নিকটবর্তী পুলিশ চেকপোষ্টের সামনেই অস্ত্রের মুখে জিম্মি করে ১৫ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী লুট করে নেওয়া হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারটির জাপান যাত্রার স্বপ্ন এখন থমকে গেছে।

ভুক্তভোগী আরমান (৪০) ফেনীর বাসিন্দা। বুধবার রাত সাড়ে ৮টায় তিনি তার স্ত্রী ও সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়ে জাপান যাওয়ার উদ্দেশ্যে মাইক্রোবাসযোগে ফেনী থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। গাড়িটি মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোলপ্লাজা সংলগ্ন এলাকায় পৌঁছালে ৫-৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল চাপাতি, ছুরি ও লোহার রড নিয়ে তাদের পথরোধ করে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গাড়ি থামানোর পরপরই ডাকাতরা তাদের মারধর করে। এ সময় তাদের সঙ্গে থাকা প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ১৫ ভরি স্বর্ণালংকার, তিনটি আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ মূল্যবান মুঠোফোন এবং নগদ ৩০ হাজার টাকা লুট করে নেওয়া হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক মোটরসাইকেল আরোহী জানান, তিনি রাস্তায় অস্ত্রধারী ব্যক্তিদের দাঁড়িয়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে মোটরসাইকেল থামিয়ে দেন। তার চোখের সামনেই ডাকাতরা মাইক্রোবাসটিতে লুটতরাজ চালায়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ দাবি করেন, ঘটনাটি মহাসড়কে ঘটেনি বরং পাশের নিচের কোনো সড়কে ঘটেছে।

সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার জানান, তারা বিষয়টি নিয়ে কাজ করছেন, তবে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশের চেকপোস্টের সামনে এই ডাকাতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি শুনেছেন তবে বিস্তারিত তদন্তের আগে মন্তব্য করা সম্ভব নয়।